বাজি-পটকা ফুটিয়েও বার্সার ঘুম নষ্ট করতে পারেনি গ্যালাতাসারাই
ম্যাচের আগের রাতে আনুমানিক ভোর ৩.৪৬ মিনিট। বার্সেলোনার খেলোয়াড়দের হোটেলের সামনে জড়ো হলেন গ্যালাতাসারাই সমর্থকেরা। শুরু হলো বাজি-পটকা ফাটানো। প্রতিপক্ষ দলকে বরণ করে নেওয়ার কৌশল বটে!
ঘুম নষ্ট করার চেষ্টার প্রতিদানে বার্সাও কম যায়নি। গ্যালাতাসারাইয়ের ঘর থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে কাতালান ক্লাবটি। ইউরোপা লিগে নেমে যাওয়ার পর বার্সাকে পথে ফেরানোর প্রতিজ্ঞায় আরও এক ধাপ এগিয়ে গেলেন জাভি হার্নান্দেজ।
ইস্তাম্বুলে শেষ ষোলো ফিরতি লেগে তুর্কি ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছে বার্সা। ক্যাম্প ন্যু-তে প্রথম লেগ গোলশুন্য ড্র হয়। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ আটের টিকিট কাটল জাভির দল।
সামনে 'এল ক্লাসিকো' থাকায় অনেকে ভেবেছিলেন, ফিরতি লেগে দলের নিয়মিত কিছু খেলোয়াড়কে জাভি বিশ্রাম দিতে পারেন। কিন্তু ফেরান তোরেস, পেদ্রি, পিয়েরে এমেরিক অবামেয়াংদের রেখে শক্তিশালী দল নামান বার্সা কোচ। রক্ষণে জেরার্দ পিকের সঙ্গে ছিলেন এরিক গার্সিয়া। সামনে দুই পাশে দেস্ত ও আলবা। শুরুতে তাঁদের খেলায় অবশ্য মনে হয়েছে, ঘুমটা আগের রাতে ভালো হয়নি।
পিকে-গার্সিয়ারা গুছিয়ে ওঠার আগেই রায়ান বাবেল-বাফেতেম্বি গোমেজদের গতির সঙ্গে পেরে ওঠেননি। প্রতি আক্রমণ থেকে বার্সার রক্ষণকে বিপদে ফেলেছেন তুর্কি ক্লাবটির কোচ ডমেনেক তোরেন্ত।
বার্সায় জাভি-ইনিয়েস্তাদের সোনালি সময়ে সহকারি কোচ ছিলেন। জাভির খেলার ধাঁঁচটাও তাঁর জানা। শুরু থেকে পেদ্রি-তোরেসরা যখন খেলা তৈরি করার চেষ্টা করেছেন, গ্যালাতাসারাইয়ের খেলোয়াড়েরা তখন নিচে নেমেছেন, তারপর বল কেড়ে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা।
কিন্তু ২৮ মিনিটে গোলটা এল কর্নার থেকে। বক্স জটলার পেছনে ফাঁকা জায়গা খেয়াল করেনি বার্সা রক্ষণ। গ্যালাতাসারাইয়ের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারাকাও ঠিক ওখান থেকেই হেডে গোল করেন। তিল ঠাঁই নাই দর্শকে গমগম করতে থাকা টার্ক টেলেকম স্টেডিয়াম ফেটে পড়ল তারপরই। কান ফাটানো সেই শব্দেই বুঝি ঘুম ভেঙেছে তোরেস-পেদ্রিদের।
তোরেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ৩৭ মিনিটে গ্যালাতাসারাইয়ের বক্সে ঢোকেন পেদ্রি। বল পায়ে আসতেই সামনে থেকে দুজন ডিফেন্ডার তাঁকে বাধা দিতে এসে কুশলী ডজে পড়ে যান। সামনে আরও দুই ডিফেন্ডার ও গ্যালাতাসারাই গোলকিপার। ঠান্ডা মাথার শটে ছবির মতো সুন্দর গোলটি করেন বার্সা মিডফিল্ডার পেদ্রি।
বার্সার কোনো খেলোয়াড় প্রতিপক্ষের বক্সে ডিফেন্ডারদের নিয়ে ছেলেখেলা করছেন, মেসি যাওয়ার পর দৃশ্যটা ভোলার দশা হয়েছিল। ইউরোপে প্রতিপক্ষের মাঠে নিজের প্রথম গোলটি পেদ্রি এর চেয়ে ভালোভাবে আর করতে পারতেন না।
ইউরোপে (উয়েফা কাপ/ইউরোপা লিগ) দ্বিতীয় স্তরের টুর্নামেন্টের ম্যাচে প্রথম গোল হজম করে ১৯৭১ সালের পর মাত্র একবারই জিতেছে বার্সা। ১৯৭৮ সালে এই মার্চেই অ্যাস্টন ভিলার বিপক্ষে। ৫১ বছর পর আজ বার্সা দ্বিতীয় জয় পেয়েছে বিরতির পর শুরু থেকেই আক্রমণাত্বক খেলার সুবাদে।
৪৯ মিনিটে বক্সের ভেতর সের্হিও বুসকেটসের শট ঠেকান গ্যালাতাসারাই গোলকিপার ইনাকি পেনা। ফিরতি বলে অবামেয়াংয়ের হেডও রুখেন দেন। ফ্রেঙ্কি ডি ইয়ং বল পেয়ে অবাকে আবারও বল দিলে গ্যাবন তারকা এ যাত্রায় গোল করতে আর ভুল করেননি।
বার্সা ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর গ্যালাতাসারাই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে। প্রথমার্ধে ৩৩৪ পাস খেলা বার্সা বিরতির পর প্রতিপক্ষের বক্সের আশপাশে চাপ বিস্তার করে খেলেছে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে বল ক্রসবারে লাগানো অবামেয়াং বিরতির পর দুটি ভালো সুযোগ পয়েছেন গোলের। আদামা ত্রায়োরের বদলি হয়ে নামা ওসমান দেম্বেলে ভালো কিছু সুযোগ তৈরি করেন। যোগ করা ৬ মিনিট সময়ের তৃতীয় মিনিটে বল ক্রসবারে মারেন তোরেস। পরের মিনিটে পোস্টের বাইরে মারেন জর্দি আলবা। সুযোগগুলো নষ্ট না হলে গোলের ব্যবধান বাড়ত বার্সার।