বাজিকরের বড় ভাইয়ের অনুশোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব অনুশোচনা হচ্ছে আজহার মজিদের। তাঁর ভুলেই তো আজ এত সব ঘটনা ঘটল। ওই ভুলটা না হলে হয়তো আজ জেলে যেতে হতো না পাকিস্তানের তিন ক্রিকেটারকে। জেলে যেতে হতো না তাঁর ভাইকেও। কী ভুল করেছেন আজহার? ছোট ভাই মাজহারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সালমান বাটের! আর সেই মাজহারই তো স্পট-ফিক্সিং কেলেঙ্কারির মূল হোতা।রায় ঘোষণার পর মাজহারের ভাই আজহার দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ক্রিকইনফোকে। পেশায় ক্রিকেটারদের এজেন্ট আজহার বলেছেন, ‘সত্যি বলতে কি, সবকিছুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে আমার। আমিই আমার ভাইকে ক্রিকেট আর ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সবকিছুর জন্য কিন্তু আমাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। কোনো ভুল করলে সেটার শাস্তি আপনি পাবেনই।’তার মানে কিন্তু নয়, ভাই যে এমন একটা কাণ্ড করবেন, সেটা আগে থেকেই জানতেন আজহার। তিনি দাবি করলেন, ‘আমার ধারণাতেই ছিল না এমন একটা কিছু হতে যাচ্ছে।’ লন্ডনের আদালতে শুনানি চলার সময় অনেকবারই তাঁর নাম এসেছে। তবে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন আজহার। বলেছেন, কেউ কোনো প্রমাণ দিতে পারবে না।মাজহার আগে থেকেই দোষ স্বীকার করে নিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে মামলা চালানো হয়নি বলে জানিয়েছেন আজহার। এই ঘটনার পর ক্রিকেটারদের এজেন্ট হিসেবে কাজ করা তাঁর পক্ষে আর সম্ভব হবে কিনা—এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। আমি এখন বেকার জীবন যাপন করছি।’শুধু তিন ক্রিকেটার নন, এই ঘটনা তাঁদের পরিবারের জন্যও অনেক বড় একটা আঘাত বলে মন্তব্য করেছেন আজহার, ‘আমার মা-বাবা একদমই ভেঙে পড়েছেন। তাঁদের ছেলে যে কারাগারে! আমরা জানতাম, ওর জেল হতে পারে। তার পরও এটা সহজে মেনে নিতে পারছি না।’এই ঘটনা থেকে সবাই একটা শিক্ষা পাবে বলে মনে করেন আজহার। ক্রিকেটারদের উদ্দেশে তাঁর বার্তা, লোভের ফাঁদ পাতা থাকবেই। সেই ফাঁদে ধরা দেবে কি দেবে না, সেই সিদ্ধান্ত ক্রিকেটারদেরই। ওয়েবসাইট।