বাজির বৈধতা চাইলেন লরগাত
উপমহাদেশে ক্রিকেট নিয়ে বাজি ধরাকে আবারও বৈধতা দিতে বললেন হারুন লরগাত। আইসিসির প্রধান নির্বাহী মনে করেন, এতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা সহজ হবে। এ সমস্যার বিরুদ্ধে আইসিসির লড়াইটাকে আরও জোরদার করতে স্বতন্ত্র রিভিউ কমিটি গঠন করার প্রস্তাবও করেছেন লরগাত।লরগাত ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে গতকাল বলেছেন, ‘বাজিকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে আপনি তাদের সঙ্গে কাজ করতে পারবেন, ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং যেহেতু সবকিছুই বৈধ হবে তাই লুকোছাপা করে কিছু করার দরকার হবে না। তাই আমাদের দৃষ্টিভঙ্গিটা এ রকম, এটাকে নিয়মের মধ্যে আনলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা আরও সহজ হবে।’ ওয়েবসাইট।আইসিসি এখন গত এক দশকের দুর্নীতি প্রতিরোধ ও নিরাপত্তা ইউনিটের কাজ নিয়ে পর্যালোচনা করছে। এ ছাড়া খেলোয়াড়েরা আইসিসিকে সহযোগিতা করে কি না, সেটা দেখার জন্য একটি প্রস্তাব এসেছে। বাজিকরদের ছদ্মবেশে একজন খেলোয়াড়দের প্রস্তাব দেবে। এরপর আইসিসি দেখবে খেলোয়াড়টি আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটকে বিষয়টি জানায় কিনা। যেটি আইসিসি বাধ্যতামূলকও করেছে এরই মধ্যে। তবে খেলোয়াড়দের সংগঠন ফিকা এই ধারণা গ্রহণ করায় নিন্দা জানিয়েছে এবং আইসিসিকে তাদের সঙ্গে বসতে বলেছে।