বাজির বৈধতার পক্ষে লরগাত
দাবিটা আগেও অনেকে তুলেছেন। কিন্তু অনেকের তোলা আর হারুন লরগাতের তোলায় পার্থক্য তো থাকবেই। তিনি যে আইসিসির প্রধান নির্বাহী। খেলা নিয়ে বাজি ধরাকে বৈধতা দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন লরগাত। আগামী বিশ্বকাপ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা এই দক্ষিণ আফ্রিকানের।ভারত এমন একটি দেশ, যেখানে শুধু ঘোড়দৌড় নিয়ে বাজি ধরা বৈধ। ক্যাসিনোও চালানো যায় গুটিকয়েক রাজ্যে। কিন্তু তাই বলে ক্রিকেট নিয়ে বাজি ধরা থেমে নেই এখানে। ক্রিকেট-বিশ্বের বড় বড় দুর্নীতির ঘটনাগুলোতে ভারতের সম্পৃক্ততা নেই, এমন ঘটনা বিরল।ক্রিকেট বাজি ধরা নিয়ে খোঁজখবর নিয়েই আইসিসি এখন এই বিষয়ে কাজ করছে বলে জানালেন লরগাত, ‘আমি এই ধারণার সঙ্গে একমত, বাজি ধরাকে বৈধতা দেওয়া হলে তা বৈধতা না দেওয়ার থেকে অনেক ভালো হবে।’ সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ভারত-পাকিস্তানের একটি ওয়ানডে ম্যাচ নিয়ে প্রায় ২ কোটি ডলারের বাজি ধরা হয়ে থাকে। ভারতের মুম্বাই হচ্ছে অবৈধ এই চক্রের কেন্দ্র। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ যে দুর্নীতিমুক্ত থাকবে এ নিয়ে কোনোই সন্দেহ নেই লরগাতের। বিশ্বকাপটা দুটি কারণে দুর্নীতিমুক্ত থাকবে বলে আত্মবিশ্বাসী তিনি, ‘প্রধান কারণ হচ্ছে বেশির ভাগ খেলোয়াড়ই সৎ, দ্বিতীয় কারণ, দুর্নীতি নিয়ে আইসিসির কঠোর অবস্থান।’ বিশ্বকাপকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও সন্তুষ্ট লরগাত।তা ছাড়া গত শনিবারই পাকিস্তানি তিন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের জন্য শাস্তি দেওয়া হয়েছে। বিশ্বকাপকে দুর্নীতিমুক্ত রাখতে এটা সাহায্য করবে বলে মনে করেন আইসিসির প্রধান নির্বাহী।ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও একমত লরগাতের সঙ্গে। ভবিষ্যতে কেউ দুর্নীতি করার আগে এ ঘটনা মনে রাখবেন বলে মনে করেন ইংলিশ অধিনায়ক, ‘আমি মনে করি, যা হয়েছে তা মনে না রাখাটা হবে খুব বেশি সাহসী লোকের কাজ।’ রয়টার্স।