মাঠের ক্রিকেটে ভীষণ ডাকাবুকো হলেও কিন্তু টিভি পর্দায় হাজির হলেই কেমন যেন মিইয়ে যান জেমস অ্যান্ডারসন। কাল যেমন অতিথি হয়ে এসেছিলেন বিবিসি ওয়ান চ্যানেলের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘স্যাটারডে কিচেনে’। উপস্থাপক জেমস মার্টিনের পাশে খুবই অপ্রতিভ ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ক্রিকেটার। অনুষ্ঠানটিতে তাঁর মাঠের ক্যারিশমার ছিটেফোঁটাও ছিল না। বরং উপস্থাপকের প্রশ্নের উত্তরে কাঁচুমাচু হয়ে দর্শকদের বিরক্তি উৎপাদন করেছেন। টুইটারে দর্শকদের মতামত দেখিয়েছে, অনুষ্ঠানটির সর্বকালের সবচেয়ে বাজে অতিথি অ্যান্ডারসন। এক দর্শক লিখেছেন, ‘কাঠ হয়ে বসে ছিলেন অ্যান্ডারসন। তার বদলে একটা ক্রিকেট ব্যাটকেই অতিথি করে আনলে ভালো হতো!’ আরেকজন মজা করে লিখেছেন, ‘বোধ হয় “ফায়ার অ্যালার্ম” বন্ধ হলেই অ্যান্ডারসন ঠিকমতো কথা বলতে ও উত্তর দিতে পারবেন।’ অ্যান্ডারসনের কাছে টিভির চেয়ে ক্রিকেট মাঠটা অনেক সহজ! মিরর।