বাজে আম্পায়ারিংয়ের পর ভুতুড়ে আউট!
বাংলাদেশ দল যে উন্নতির সিঁড়ি বেয়ে ক্রমশ ওপরে উঠছে, পারলে প্রতিবাক্যে তা একবার করে বোঝাতে চান জেমি সিডন্স। সেদিক দিয়ে ঢাকা টেস্টটা হতে পারত তাঁর জন্য চমত্কার এক উদাহরণ। প্রথম ইনিংসে ৪১৯ রান করে ইংল্যান্ডকে ৪৯৬-তে অলআউট। বৃষ্টি নেই, কুয়াশা নেই। প্রাকৃতিক বৈরিতা বা অন্য কোনো কারণে একটা সেকেন্ড সময় নষ্ট না হওয়ার পরও টেস্ট গেল পঞ্চম দিনে। সিডন্সের জন্য তো আনন্দে লাফানোরই উপলক্ষ এটা!অথচ সিডন্স খুশি নন! টেস্ট নিয়ে কথা বলতে গেলেই তাঁর চোখের সামনে ভেসে ওঠে টনি হিল আর রড টাকারের ডানে-বাঁয়ে মাথা নাড়ানো চেহারা। একটার পর একটা ভুলে আনন্দের এমন উপলক্ষটা তাঁরাই তো বিষাদে ভরিয়ে দিলেন! ক্ষোভটা কখনো কখনো প্রকাশ্যে দেখিয়ে ফেলায় সিডন্সকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে এর মধ্যে। তার আগে পরশু খেলা চলার সময় ম্যাচ রেফারি জেফ ক্রোর রুমে ছুটে গিয়ে নিজের অভিযোগ জানিয়ে এসেছিলেন সিডন্স। কাল সকালে খেলা শুরুর আগে বাংলাদেশ ড্রেসিংরুমের সামনেও দুজনের কথাবার্তা হলো। হয়তো আগের দিনের কথারই পুনরাবৃত্তি, কোড অব কনডাক্টের সীমারেখার মধ্যে দাঁড়িয়ে সিডন্সও হয়তো পাল্টা যুক্তি দিয়েছেন। তবে কাল দিন শেষে ক্রো বা টাকার-হিলরা বাংলাদেশ কোচের চিন্তার খুব বেশি অংশ জুড়ে ছিলেন না। আগের দিন ছিল আম্পায়ারিং, আর কাল বাংলাদেশের ওপর ভর করল অন্য দুর্ভাগ্য!চতুর্থ দিনটা কেমন গেল—টেলিফোনে এই প্রশ্ন করতেই শুরুতে এক শব্দে উত্তর দিলেন সিডন্স, ‘হতাশাজনক।’ হতাশার মূল কারণ দিনশেষে ১৭২ রান তুলতে বাংলাদেশের ৬ উইকেট হারিয়ে ফেলা নয়, ব্যাটসম্যানদের আউটের ধরনগুলোই তাঁকে যন্ত্রণা দিচ্ছে বেশি, ‘ইমরুল বোল্ড হলো প্যাড ছুঁয়ে, মুশফিকুর প্লেড অন, জুনায়েদ সিদ্দিকের আউটটাও অদ্ভুত। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানরা বেঁচেও যায় অনেক সময়। কিন্তু আমাদের বেলায় হলো না। ভালো শুরু করেও আমরা এখন প্রায় ম্যাচের বাইরে। বেশি খারাপ লাগছে সে কারণেই...।’ সিডন্স ভাগ্যবিড়ম্বনা দেখছেন আরও একটা জায়গায়, ‘প্রথম তিন দিন উইকেটে কিছুই ছিল না। সেটাও টার্ন করতে শুরু করল আজই!’টেস্টের চতুর্থ দিনে উইকেটে টার্ন থাকাটাই স্বাভাবিক। আজ পঞ্চম দিনে হয়তো আরও বাড়বে সেটা। এই জায়গায় কিছুটা আশাও দেখছেন কোচ, ‘আমাদের ভালো ভালো স্পিনার আছে। আশা করি ইংলিশ ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন করতে পারবে তারা।’ স্পিনারদের কাজ সহজ করে তোলার দায়িত্ব অবশ্য বাকি পাঁচ ব্যাটসম্যানেরও আছে। বিশেষ করে উইকেটে থাকা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও শফিউল ইসলামের। শেষ দিনে সিডন্স তাকিয়ে থাকবেন তাঁদের দিকেও, ‘আরও চারটা উইকেট আছে। সাকিব তো ভালো ব্যাটসম্যানই, প্রথম ইনিংসে শফিউলও দেখিয়েছে যে ও ব্যাট করতে পারে। পঞ্চম দিন অন্তত লাঞ্চের পরও ঘণ্টাখানেক পর্যন্ত খেলে যদি লিডটা ২৫০ রানে নিতে পারি, আমার মনে হয় ড্র করা এখনো অসম্ভব নয়।’কাল দিন শেষে বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও এই সম্ভাবনার কথাটাই জোর দিয়ে বলা হয়েছে। খেলোয়াড়দের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা বিশ্বাস—এই টেস্ট ড্র করা অসম্ভব কিছু নয়। দিনশেষের সংবাদ সম্মেলনে এসে অভিষিক্ত জহুরুল ইসলামও বলে গেলেন, ‘রানের দিকে না তাকিয়ে যদি প্রথম দুইটা সেশন উইকেট না হারিয়ে খেলতে পারি...। লাঞ্চ পর্যন্ত উইকেট না হারিয়ে খেলতে পারলে ভালো হবে। আমাদের ম্যাচটা ড্র-ই করা উচিত।’ ইংল্যান্ডের বিপক্ষে এই ড্রটাকেই স্বাভাবিকভাবে জয়ের সমান মনে করছেন এই তরুণ, ‘ইংল্যান্ডের বিপক্ষে ড্র খুব ভালো ফলাফল। আমাদের প্রথম টার্গেট ছিল পঞ্চম দিন পর্যন্ত ভালো খেলা। ড্র বা জয় যেটাই হোক আমরা ম্যাচে হারতে চাই না। শেষ ৪ উইকেটে ভালো ব্যাটিং হলে তিন সেশনও ব্যাট করা যাবে।’প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও কাল ভালোই শুরু করেছিলেন জহুরুল। শুরুতে একটু নার্ভাস থাকাটা স্বাভাবিক ছিল, সেটি স্বীকারও করলেন। পরে অবশ্য স্বচ্ছন্দই লেগেছে তাঁকে। ৪৩ রানে আউট হয়ে যাওয়ায় সে কারণেই আফসোসটা বেশি জহুরুলের, ‘শেষের দিকে খুব সহজ লাগছিল ব্যাটিংটা। সহজেই একটা বড় ইনিংস খেলতে পারতাম। গ্রায়েম সোয়ান অনেক ভালো বোলার, আমার আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। শট খেলা একটু কমিয়ে দিলে ভালো হতো ওই সময়টাতে। একটু যদি রক্ষণাত্মক হতাম তাহলে হয়তো আজ (গতকাল) অপরাজিত থাকতাম।’কখনো আম্পায়ারের ভুল, কখনো ভুতুড়ে আউট, কখনো বা আরেকটু ভালো না হওয়ার অতৃপ্তি—কোনো না কোনো আফসোস প্রতিদিনই থেকে যাচ্ছে। আজ শেষ দিনেও কি সে রকম কিছুই লেখা আছে বাংলাদেশ দলের ভাগ্যে? নাকি বড় কোনো অর্জনে ভেসে যাবে সব আফসোস!