বাজে বোলিং নয়, ভালো ব্যাটিং!
মাঝখানের সময়টা একটু বেশিই লম্বা। চার দিন পরের আয়ারল্যান্ড ম্যাচের চেয়ে তাই এক দিন আগে ভারতের কাছে হারটাই এখনো বেশি আলোচনায়। কিন্তু কোচ সেটা মানবেন কেন? প্রথমে ক্রিকেটারদের দুই দিনের ছুটি দিয়েও পরে সেটিকে এক দিনে নামিয়ে আনলেন জেমি সিডন্স। পাছে হার নিয়ে ভাবতে ভাবতে আইরিশ-পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে যেতে হয়!আয়ারল্যান্ড ম্যাচের প্রস্তুতিতেও অবশ্য পরশুর ম্যাচটা নিয়ে আলোচনা হতে পারে। সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বলে গেছেন, বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। সেটা কেন, সেই গবেষণা ২৫ ফেব্রুয়ারির আগে না হয়ে গেলে যে পচা শামুকে পা কাটার আশঙ্কাও থাকে!বোলিং ব্যর্থতার ব্যাপারটা দুই রকমই হতে পারে। এক. বাংলাদেশের বোলাররা খুব বাজে বল করেছে। দুই. বীরেন্দর শেবাগ আর বিরাট কোহলির ব্যাটিংটা হয়ে গেছে অতিমানবীয়। আবার হতে পারে পুরো ব্যাপারটা এই দুইয়েরই মিশ্রণ। বোলাররা খুব খারাপ বল করাতেই শেবাগ-কোহলি অমন ধ্বংসাত্মক হতে পারলেন।পরশু ভারতের ৩৭০ রানের পাহাড়ে ওঠার কারণ খুঁজতে গিয়ে তিন রকমের কথাই বলেছেন বাংলাদেশের বোলাররা। নিজেদের খারাপ বোলিং আর ভারতীয় ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং দুই দিক থেকে টেনে বাড়িয়েছে দুদলের দূরত্ব।নাঈম ইসলাম তো মানতেই রাজি নন বোলিং খারাপ হয়েছে। তাঁর চোখে বরং এদিন শেবাগরাই অতিমানবীয় ব্যাটিং করেছে এবং এ রকম ব্যাটিংয়ের সামনে যেকোনো বোলিং আক্রমণ সাদামাটা প্রমাণিত হতে বাধ্য। ‘আমরা খুব একটা খারাপ বল করিনি। কিন্তু ওরা খুব বেশি ভালো ব্যাট করে ফেলেছে। শেবাগ যে ধরনের স্ট্রোক খেলেছে, কোনো বোলারেরই আসলে কিছু করার থাকে না।’ কিন্তু শেবাগ মানেই তো এই ব্যাটিং! বাংলাদেশের বিপক্ষে বাড়তি কী করলেন তিনি? নাঈমের উত্তর, ‘ফিফটি-ফিফটি বলেও সে চার মেরেছে। এ রকম ব্যাটিং করলে বোলারের আত্মবিশ্বাস বলে কিছু থাকে না। ম্যাচ ওখানেই শেষ।’নাঈম বোধ হয় শফিউল ইসলামের কথাই বললেন। ভালো বল করেও যে মার খেতে হয় সেটা এই তরুণ পেসার পরশুই প্রথম জানলেন, ‘প্রথম বলটাই আমি ভালো জায়গায় ফেলেছিলাম, তাতেও চার মেরে দিল। বাজে বল হলে ঠিক ছিল, কিন্তু ভালো বল হলেও প্রথম বলেই ও রকম কেউ চালায়!’ ভারতীয় ব্যাটসম্যানদের দানবীয় ব্যাটিংয়ের সামনে মানসিকভাবে ভেঙে পড়েননি বলে দাবি বোলারদের। তবে শফিউলের একটা পর্যায়ে মনে হয়েছিল, এমন বিপদ থেকে একমাত্র মা-ই তাঁকে উদ্ধার করতে পারেন, ‘বারবার মায়ের কথা ভাবছিলাম। চোখ বন্ধ করে মায়ের মুখটা কল্পনা করতে চেষ্টা করছিলাম। কাউকে কখনো বলিনি, মাও জানেন না...বিপদে বা ভয় পেলে আমি এটা করি। তখন ভয় কেটে যায়।’শফিউলের ভয় এদিনও কেটেছে। কিন্তু শেবাগের সামনে কেউ ভয় পেলেই কি আর না পেলেই কি! যে দিনটা তাঁর, সেদিন সব বলকেই কচুকাটা করবেন, এটাই তো শেবাগ! ম্যাচ শেষে শফিউলও বাস্তবতাটা মানছেন, ‘এই ম্যাচে শেবাগ ব্যতিক্রমী ব্যাট করেছে। আমার কাছে মনে হচ্ছিল আমি ভালো জায়গায় বল ফেলছি। কিন্তু ওর সামনে সবই যেন খারাপ জায়গা! এটাই আমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছিল, তাহলে কোন জায়গায় বল ফেলব?’শেবাগকে সবচেয়ে কম রান দিয়েছেন রুবেল হোসেন। তবে শেবাগ-বধের চেষ্টায় ম্যাচের মাঝখানে কৌশল বদলাতে হয়েছে এই পেসারকে, ‘প্রথম ওভারে আমি গুড লেংথে বল ফেলে দেখেছি ও তাতেও মারে। তখন বাউন্সে গেলাম, শেবাগের বাউন্সে সমস্যাও আছে। খেয়াল করলে দেখবেন আমার বাউন্সারগুলোতে কিন্তু ও মারতে পারেনি।’তা না-ই পারুক, শেবাগ যতক্ষণ উইকেটে থাকবেন ততক্ষণই তো সমস্যা! অফ স্পিনার মাহমুদউল্লাহর বিশ্লেষণ, সমস্যার শুরুটা নতুন বলেই, ‘আমাদের শুরুটাই ভালো হয়নি। প্রথমেই রান চেক দেওয়ার দরকার ছিল, আরও উইকেট নেওয়া দরকার ছিল।’ তবে অন্যদের মতো তিনিও বলছেন, এদিন শেবাগদের ব্যাটিংই গড়ে দিয়েছে আসল পার্থক্য, ‘আমরা ভালো জায়গায় বল ফেলতে পারিনি। তবে এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে ওরা, কৃতিত্ব ওদেরই দিতে হবে।’ ভালো টার্ন ছিল না বলে মাহমুদউল্লাহ কিছুটা দায় দিলেন মিরপুরের উইকেটকেও, ‘সবকিছু আমাদের বিপক্ষে ছিল। সাকিবের বলও কোনো টার্ন করল না। উইকেট থেকে কোনো সাহায্য পায়নি বোলাররা।’আয়ারল্যান্ড ম্যাচের আগে এসব কিছু নিয়েই হয়তো আলোচনা হবে জেমি সিডন্সের ক্লাসে।শেবাগ-যন্ত্রণাশফিউল ইসলামশেবাগ যে ধরনের স্ট্রোক খেলেছে, কোনো বোলারেরই আসলে কিছু করার থাকে নানাঈম ইসলামআমার কাছে মনে হচ্ছিল আমি ভালো জায়গায় বল ফেলছি। কিন্তু ওর সামনে সবই যেন খারাপ জায়গা!মাহমুদউল্লাহএক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে ওরা, কৃতিত্ব ওদেরই দিতে হবে