বাজে ব্যাটিংয়ের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং পতনের প্রতীক হয়ে শট খেলতে গিয়ে পড়েই গেলেন মাহমুদউল্লাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ব্যাটিং-ব্যর্থতার ভূতই যেন ঘাড়ে চেপেছিল বাংলাদেশের ।  শামসুল হক
ব্যাটিং পতনের প্রতীক হয়ে শট খেলতে গিয়ে পড়েই গেলেন মাহমুদউল্লাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ব্যাটিং-ব্যর্থতার ভূতই যেন ঘাড়ে চেপেছিল বাংলাদেশের । শামসুল হক

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যর্থ বোলিং আক্রমণ। পরের ম্যাচে ব্যাটিং। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আবার কাঠগড়ায় বোলিং। ব্যাটিং-বোলিংয়ে সাফল্য-ব্যর্থতার এই খেলায় বাংলাদেশ কালও ধারাবাহিক। ব্যর্থ এবার ব্যাটিং। আগের ম্যাচে ৩২৬ করা দল কাল কোনো রকমে ৫০ ওভার খেলে তুলতে পারল মাত্র ২০৪। পাকিস্তানের বিপক্ষে সেদিন ব্যাটিংয়ে নামা পাঁচ ব্যাটসম্যানের একজন করেছিলেন সেঞ্চুরি, তিনজন ফিফটি, বাকিজন ১৬ বলে ৪৪। কাল গোটা ইনিংসে ফিফটি নেই একটিও!

বাংলাদেশের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। বরং একসময় এটাই ছিল নিয়মিত দৃশ্য। ২৮৩ ম্যাচে বাংলাদেশের ফিফটিবিহীন ইনিংস আছে ১০৪টি! তবে গত কয়েক বছরে সেই চিত্র পাল্টে গিয়েছিল অনেকটাই। আগে ব্যাট করে কালকের আগে বাংলাদেশের ফিফটিবিহীন ইনিংস ছিল ২৭ ওয়ানডে আগে! ২০১১ সালের ১ ডিসেম্বরে এই মিরপুরেই, পাকিস্তানের বিপক্ষে। শহীদ আফ্রিদির ৫ উইকেটে সেদিন বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৯১ রানে।
অথচ টানা দ্বিতীয় ম্যাচে ওপেনারদের কাছ থেকে দারুণ ভিত পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এনামুলের সঙ্গে ১৫০ রানের জুটি গড়া ইমরুল কায়েস কাল খেলতে পারেননি কুঁচকির চোটে। দলে ফেরা শামসুর রহমানকে নিয়ে তবু সতর্ক ব্যাটিংয়ে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়লেন এনামুল হক। শামসুরের আউটে জুটিটি ভেঙেছে অজন্তা মেন্ডিসের এমন এক বলে, যেটি আউট না দিলেও পারতেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ওই ধাক্কা আচমকাই যেন ফিরিয়ে আনল বাংলাদেশের পুরোনো এক রোগ। একটি উইকেটের হাত ধরে উইকেট আরও দু-একটি। ওই ওভারেই লাইন মিস করে খেলে আউট ফর্মে থাকা মুমিনুল হক। থিতু হওয়ার আগেই চতুরঙ্গ ডি সিলভার নিরীহ বাঁহাতি স্পিনে অযথাই স্কুপ করতে গিয়ে এলবিডব্লু  মুশফিক।

চার ম্যাচে তৃতীয়বার পঞ্চাশ ছোঁয়ার অপেক্ষায় থাকা এনামুল ড্রেসিংরুমে মুশফিকদের সঙ্গী হলেন আরও নিরীহ এক বলে। পার্টটাইমার আশান প্রিয়াঞ্জনের সোজা এক বল তুলে দিলেন মিড উইকেটে। লাহিরু থিরিমান্নের নেওয়া ক্যাচটি যদিও ছিল দুর্দান্ত। মন্থর উইকেট আর দলের নাজুক অবস্থা বুঝে নিজেকে গুটিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। সহজাত স্ট্রোক খেলার দিকে ঝোঁকেননি খুব একটা। কিন্তু সেই তিনিও উইকেট উপহার দিলেন প্রিয়াঞ্জনকে। এক্সট্রা কভার দিয়ে দুর্দান্ত এক চার মারার পরের বলে আবার অফসাইডে ড্রাইভ করতে গিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে বল মিড উইকেটের হাতে। বিনা উইকেটে ৭৪ থেকে পরের ৪৫ রানে নেই ৫ উইকেট!
বাংলাদেশ তখন দেড় শর আশপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। উইকেটে ছিলেন ফর্মের জন্য লড়তে থাকা দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও মাহমুদউল্লাহ। সুযোগটাকে কাজে লাগিয়ে ফর্মে ফেরার প্রমাণ দিতে পারেননি কেউই। তবে উইকেট ছুড়ে না এসে অনেকটা সময় ক্রিজ আঁকড়ে ছিলেন দুজন। দলের রান দুই শর কাছে গিয়েছে ষষ্ঠ উইকেটে দুজনের ৫৫ রানের জুটিতেই। তবে দুজনের একজনও যদি ৫০ ওভার পর্যন্ত থাকতে পারতেন, তাহলে রানটা ২২০-২৩০ হতে পারত। শেষ পর্যন্ত স্কোর থেমেছে ২০৪ রানে।
প্রথম ইনিংস শেষে রানটাকে মনে হচ্ছিল স্রেফ ভদ্রস্থ। বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ওই রানেই উঁকি দিচ্ছিল জয়ের সম্ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত আবারও সঙ্গী হারের যন্ত্রণা। দীর্ঘশ্বাস ভারী হলো আরেকটু!