বাজে শুরুই হারার জন্য দায়ী: ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন সফল হয় নি ভারতের। ১-১ এ সমতা নিয়েই শেষ হয়েছে টেস্ট সিরিজ। এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও শুরুতেই বড় একটা ধাক্কা খেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। গতকাল ডারবানে তোতসবে, ডেল স্টেইন, মরকেলদের বিধ্বংসী বোলিংয়ে ১৩৫ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।কিংসমিডের বাউন্সি উইকেটে ২৯০ রান তাড়া করে জয় পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। কিন্তু তারপরও ১৩৫ রানের বিশাল ব্যবধানের হারটা ঠিক মানতে পারছেন না ভারতীয় অধিনায়ক। খুব তাড়াতাড়িই শুরুর দিকের চারটা উইকেট হারিয়ে ফেলাতেই ম্যাচটা হাত থেকে বের হয়ে গেছে বলে মনে করছেন ধোনি। গতকাল ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আরো ভালো করতে পারতাম। চারজন বোলার নিয়ে খেললে এমনিতেই কিছুটা চাপ থাকে। কেউ যদি ভালো বল করতে না পারে, তাহলে পার্ট টাইম বোলারদের দিয়ে কাজ চালাতে হয়। আমাদের ভাগ্য খুবই ভালো যে, পার্টটাইম বোলাররা খুবই ভালো বল করেছে। তারাই আমাদের খেলায় ফিরিয়েছিল। কিন্তু তারপরও কিংসমিডের উইকেটে ২৯০ রান তাড়া করাটা খুব কঠিন। আমরা যদি ব্যাট হাতে শুরুটা ভালোভাবে করতে পারতাম, তাহলে আমাদের জয়ের সুযোগটা আরো বাড়ত।’১১ ওভারের মধ্যে মাত্র ৪২ রানেই মুরলি বিজয়, টেন্ডুলকার, রোহিত শর্মা ও যুবরাজ সিংয়ের উইকেট হারিয়েছিল ভারত। বিরাট কোহলিই শুধু ৫৪ রানের লড়াকু ইনিংসটা খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামায় শুরুতে ধোনি যে সমালোচনার মুখে পড়েছিলেন তা কিছুটা হলেও দূর করতে পেরেছে কোহলির ৫৪ রানের ইনিংসটা।কিন্তু কোহলির মতো সমালোচকদের মুখ বন্ধ করতে পারেন নি ফাস্ট বোলার আশিস নেহরা। কোনরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই আশিস নেহরাকে দলে নেওয়ার জন্য অনেকেই নানারকম প্রশ্ন তুলেছিলেন। নেহরা একটা উইকেট পেলেও মাত্র ৬ ওভারেই দিয়েছেন ৬১ রান। নেহরার এই আকস্মিক অন্তর্ভূক্তি প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমাদের এই চার-পাঁচ জন ফাস্ট বোলারই আছে। আমাদের খুব বেশি বিকল্প নেই। একারণেই তাদেরকে ভালো করার সুযোগ করে দেওয়ার জন্যই দলে ডাকতে হয়। আমরা এখন এটাই নিশ্চিত করতে চাই যে, এদের কোনো ধরণের ইনজুরি ছাড়াই যেন আমরা বিশ্বকাপ পর্যন্ত যেতে পারি।’— টাইমস অব ইন্ডিয়া