স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে। গত বছর একটি টেস্ট ম্যাচে জুয়াড়ির কাছ থেকে টাকা নিয়ে ইচ্ছাকৃত ‘নো বল’ করা ও করানোর অপরাধে এই তিন ক্রিকেটারকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। রায়ে জুয়ারি মাজহার মাজিদেরও কারাদণ্ড হয়েছে।সালমাট বাটকে ৩০ মাসের, আসিফকে এক বছরের এবং আমিরের কপালে জুটেছে ছয় মাসের কারাদণ্ড। জুয়ারি মাজহার মাজিদকে দেওয়া হয়েছে ৩২ মাসের কারাদণ্ড। এই রায়ের বিরুদ্ধে এই তিন ক্রিকেটার আপিল করার সুযোগ পাবেন। তবে আজ আদালত থেকেই তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।গত দেড় বছর ধরেই ক্রিকেট বিশ্বকে লজ্জা দিয়ে যাচ্ছিল যে কেলেঙ্কারি, এই রায়ের মধ্য দিয়ে তার পর্দা পড়তে যাচ্ছে। গত বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে জুয়াড়িদের কাছ থেকে স্পট ফিক্সিং করার জন্য টাকা নিয়েছিলেন এই তিন ক্রিকেটার। স্পট ফিক্সিংয়ে তাঁরা ইচ্ছাকৃতভাবে ম্যাচের বিভিন্ন পর্যায়ে ‘নো বল’ করেছিলেন। অধিনায়ক হিসেবে সালমান বাটের কাছেই প্রথম প্রস্তাবটা গিয়েছিল। আসিফ ও আমির অধিনায়কের নির্দেশনামতো কাজ করেছিলেন মাত্র। ওই সময় পুরো ঘটনাটি ফাঁস করে দেয় যুক্তরাজ্যের বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। পুরো ক্রিকেট বিশ্ব এ ঘটনায় হয়ে পড়ে লজ্জিত ও ক্ষুব্ধ।পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য এই ঘটনায় আগেই এই তিন ক্রিকেটারকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। সালমান বাট পান আজীবনের নিষেধাজ্ঞা। আসিফ ও আমির নিষিদ্ধ হন যথাক্রমে সাত ও পাঁচ বছরের জন্য।এদিকে এই রায়ে শোক-স্তব্ধ বাট, আসিফ ও আমিরের পরিবারের সদস্যরা। সালমান বাটের বাবা জুলফিকার বাট তাঁর সন্তানকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। আপনারা তাঁর ও আমাদের ব্যাংক হিসাব পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের পাকিস্তানে বা অন্য কোনো জায়গায় নিজেদের একটি বাড়ি বা ফ্ল্যাট কোনোটাই নেই।’ তিনি বলেছেন, ‘এই ঘটনায় পাকিস্তান সরকারের উচিত ক্রিকেটারদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়া।’মোহাম্মদ আমিরের ভাই মোহাম্মদ সলিম বলেছেন, ‘আমির তো অনেক ছোট। অনেক কিছু বোঝার ক্ষমতাও তাঁর নেই।’ তাঁর মতে, ছয় মাসের জেল ১৮ বছরের একটি ছেলের জন্য অনেক। তিনি তাঁর ভাইকে কারাগারের বদলে কিশোর সংশোধনাগারে নেওয়ারও দাবি করেছেন।সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক এই মামলার রায় পড়ার সময় বলেন, ক্রিকেট অনেক অনিশ্চয়তাপূর্ণ ঘটনা ঘটে। এমন ধরনের ব্যাপার অতীতেও যেমন ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর এসব ঘটনা মানুষের মনে সন্দেহ জাগিয়ে তুলবে।সালমান বাটকে উদ্দেশ করে তিনি বলেন, তথ্যপ্রমাণে এটা নিশ্চিত হওয়া গেছে, ‘আপনি এই ঘটনার মূল নায়ক। আপনি জুয়ারিদের কাছ থেকে টাকা নিয়ে আপনার দলের দুই বোলারকে নো বল করতে বাধ্য করেছেন।’আসিফকে তিনি বলেন, ‘আপনার করা নো বল কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা প্রমাণিত যে আপনি অধিনায়কের নির্দেশানুযায়ী ইচ্ছা করে ‘নো বল’ করেছিলেন।’ বিবিসি ও ক্রিকইনফো।