বাট-আসিফ-আমিরের চুক্তি সাময়িক স্থগিত
কিছুদিন আগেই স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এবার তাঁদের সঙ্গে সব রকমের চুক্তিও সাময়িক স্থগিত করেছে পিসিবি। আইসিসির জারি করা সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান বাট আর মোহাম্মদ আমিরের করা আবেদন বাতিল হয়ে যাওয়ার পরপরই পিসিবি এ সিদ্ধান্ত নিল।পিসিবির শীর্ষ কর্মকর্তা জহির খান বলেছেন, ‘আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলের শুনানি পর্যন্ত তাঁদের চুক্তি বহাল ছিল। কিন্তু আইসিসির আইন অনুযায়ী তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আমরা আর তাদের সঙ্গে চুক্তি বহাল রাখতে পারি না।’কিছুদিন আগ পর্যন্তও আবার দলে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন বাট, আমির ও আসিফ। এমনকি পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান মহসিন খানও বলেছিলেন, আইসিসির নিষেধাজ্ঞা উঠে গেলেই অভিযুক্ত এই তিন ক্রিকেটারকে আবার দলে ফেরানোর ব্যাপারে চিন্তা করবে পিসিবি। কিন্তু এখন এই চুক্তি স্থগিত হওয়ার পর তাঁদের ক্রিকেট-ভবিষ্যত্টা বড় রকমের প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এর কারণ ব্যাখ্যা করে পিসিবির আইনজীবী তফাজ্জল রিজভি বলেছেন, ‘পিসিবি তাদের সঙ্গেই চুক্তি করতে পারে, যারা পাকিস্তানের হয়ে খেলতে পারবে।’ নির্দোষ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত নিয়মানুসারে তারা পিসিবির কাছ থেকে কোনো প্রকার সুযোগ-সুবিধা পাবেন না। সময়টা আসলেই কঠিন যাচ্ছে, বাট, আমির ও আসিফদের!