বাট-আসিফের আশা শেষ
দুজনই হয়তো জানতেন কোনো লাভ হবে না। যে পাপ করেছেন, তার শাস্তি তো ভোগ করতেই হবে। তার পরও আশা নিয়ে তাকিয়ে ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দিকে। শেষ সেই আশাটাও শেষ হয়ে গেল মোহাম্মদ আসিফ ও সালমান বাটের। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা দুজনেরই আবেদন নাকচ করে দিয়েছে সিএএস। ফলে হয়তো শেষই হয়ে গেল টাকার লোভে স্পট ফিক্সিংয়ের ফাঁদে পা দেওয়া এই দুজনের ক্যারিয়ার। কাল সিএএস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই খবর। ২০১০ সালে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর ছদ্মবেশী এক সাংবাদিকের পাতা ফাঁদে ধরা দেন ইংল্যান্ড সফররত পাকিস্তান দলের তিন ক্রিকেটার। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তখনকার অধিনায়ক বাটের নির্দেশে লর্ডস টেস্টে নির্ধারিত ওভারে ইচ্ছাকৃত নো বল করেন আসিফ ও মোহাম্মদ আমির। অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ১০ বছরের জন্য নিষিদ্ধ হন বাট। আমির ও আসিফ দুজনই কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। শুধু এই নিষেধাজ্ঞাতেই শেষ হয়ে যায়নি তাঁদের শাস্তি। ফৌজদারি অপরাধ করায় জেলও খাটতে হয়েছে যুক্তরাজ্যে। আমিরের বয়স কম হওয়ায় তাঁকে পাঠানো হয়েছিল কিশোর সংশোধন কেন্দ্রে। আমির অপরাধ স্বীকার করে নিয়ে মামলার তদন্ত ও আদালতে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেন। সিএএসে আপিলও করেননি। প্রতিভাবান কিন্তু সব সময়ই বিতর্ককে ছায়াসঙ্গী করে চলা আসিফের বর্তমান বয়স ৩০ বছর। কিন্তু ২০১৫ সালে নিষেধাজ্ঞা শেষ হলেও যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সে নিশ্চয়তা নেই। বাটের বয়স আসিফের চেয়ে দুই বছর কম হলেও পাকিস্তানের ক্রিকেটে তাঁরও আর কোনো ভবিষ্যৎ নেই বলেই ধারণা করা হচ্ছে।আপাতত পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটালেই মুক্তি পাবেন বলে বাট আশা করছেন জাতীয় দলে ফেরার। এরই মধ্যে আড়াই বছরেরও বেশি কেটে গেছে। তা ছাড়া দলের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক ও সহ-অধিনায়ক মোহাম্মদ হাফিজের বয়সটাও আশা জোগাচ্ছে বাটকে, ‘আপিলে আমি ফিফটি-ফিফটি আশা করে রেখেছিলাম। তবে এখন আমাকে দুই বছর চার মাসের নিষেধাজ্ঞা শেষ করতে হবে। আমার বয়স ২৮ চলছে বলেই ক্যারিয়ার শুরু করার ব্যাপারে আমি খুব আশাবাদী। আমাদের বর্তমান অধিনায়কের বয়স ৩৯, সহ-অধিনায়কের ৩৩।’কিন্তু শুধু নিষেধাজ্ঞার মেয়াদই পেরোনো মাত্রই তাঁর জন্য দলের জায়গা খুলে যাবে—ব্যাপারটা এত সহজও হবে না। বাট সেই বাস্তবতাও বোঝেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সময় আমার বয়স হবে ৩০। দেখা যাক তখনো খেলার জন্য এই তাগিদটা থাকে কিনা। আমি নিজেকে ফিট আর উজ্জীবিত রাখার চেষ্টা করে যাচ্ছি।’বাট আর আসিফকে অতীতই ধরে নিয়েছে পিসিবি। বোর্ডের কথাবার্তায় সেটি স্পষ্ট। তবে শুরুতেই অমিত সম্ভাবনার পরিচয় দেওয়া আমিরের ব্যাপারটি ইতিবাচক দৃষ্টিতেই দেখছে পিসিবি। ভুল শুধরে আমির আর কখনোই অন্যায় পথে পা বাড়াবেন না বলেই আশা পিসিবির। তা ছাড়া মাত্র ২১ বছর বয়স হওয়ায় আমিরের সবকিছু নতুন করে শুরু করারও ভালো সুযোগ থাকছে। আসিফ ও বাট দুজনই পৃথক আবেদন করেছিলেন সিএএসে। আইসিসির নিষেধাজ্ঞার প্রক্রিয়া নিয়েই আপত্তি তুলেছিলেন আসিফ। বাট আবেদন করেছিলেন শাস্তির মেয়াদ কমাতে। তবে এই দুজনের ক্ষেত্রেই আইসিসির শাস্তি যথোপযুক্ত মনে হওয়ায় দুটি আবেদনই নাকচ করে দিয়েছেন আদালত। সিএএসের এই রায়ে সন্তুষ্টি জানানোর পাশাপাশি আইসিসি আবারও বলেছে, দুর্নীতির জন্য সামান্যতম ছাড়ও কেউ পাবে না। এএফপি, রয়টার্স।