বাট-আসিফের নিষেধাজ্ঞা থাকছেই
নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) বরাত দিয়ে আজ বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এক বিবৃতিতে সিএএস জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের করা আপিল খারিজ করে দিয়েছেন সিএএস।২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাটকে ১০ বছর, আসিফকে সাত বছর ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাট ও আসিফ আপিল করলেও তরুণ ফাস্ট বোলার আমির তা করেননি।একই ঘটনায় গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে ২০১১ সালের নভেম্বরে সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং বয়স কম হওয়ায় আমিরকে কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের কল্যাণে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম।