বাট-আসিফের শুনানি ফেব্রুয়ারিতে
নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান বাট ও মোহাম্মদ আসিফের করা আপিলের শুনানি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। শুনানি হবে সুইজারল্যান্ডের লুসানেতে অবস্থিত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) সদর দপ্তরে।সিএএসের ওয়েবসাইট ও আপিল করা দুই ক্রিকেটার নিশ্চিত করেছেন, শুনানি আগামী বছরের ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পাকিস্তানি দৈনিক ‘ডন’ জানিয়েছে, আসিফের আপিলের শুনানি চলবে তিন দিন—৫,৬ ও ৭ ফেব্রুয়ারি। সালমান বাটের শুনানি অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।বাট বলেন, ‘নিষেধাজ্ঞা পাওয়ার পরপরই আমি আপিল করেছিলাম। কিন্তু যুক্তরাজ্যে মামলা প্রক্রিয়াধীন থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপিলটি শুনানির জন্য উঠবে।’শুনানির অপেক্ষায় আছেন জানিয়ে বাট বলেন, ‘কয়েক দিন ধরে আমার আইনজীবীর সঙ্গে কথা হয়নি। তবে শুনানির ব্যাপারটা আমি জানি। আশা করি, সুবিচার পাব।’২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাটকে ১০ বছর, আসিফকে সাত বছর ও আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাট ও আসিফ আপিল করলেও আমির তা করেননি।একই ঘটনায় গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে গত বছরের নভেম্বরে সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের কল্যাণে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম।