বাট চাপ দেননি, দাবি আসিফের
লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে অভিযুক্ত খেলোয়াড়দের অন্যতম মোহাম্মদ আসিফকে জিজ্ঞাসাবাদ করেছিল লন্ডন পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের রেকর্ড লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে আজ শুক্রবার বাজিয়ে শোনানো হয়েছে। অবশ্য এ সময় আসিফ আদালতে উপস্থিত ছিলেন না।পুলিশি জিজ্ঞাসাবাদে আসিফ দাবি করেন, পাকিস্তানের তত্কালীন অধিনায়ক সালমান বাটকে রক্ষার চেষ্টা করছেন না তিনি। বাট তাঁর ওপর কোনো ধরনের চাপও প্রয়োগ করেননি।‘বাটকে রক্ষার চেষ্টা করছেন কি না’—পুলিশের এই প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘না। আমি নিজেকে রক্ষার চেষ্টা করছি।’ এরপর পুলিশ আবারও জানতে চায়, বাট তাঁকে কোনো ধরনের চাপ দিয়েছেন কি না। আসিফের জবাব, ‘কোনো চাপ নয়। তিনি কীভাবে আমার ওপর চাপ প্রয়োগ করবেন? কেউ আমার ওপর চাপ সৃষ্টি করতে পারবে না। কারণ, দীর্ঘদিন ধরে আমি পাকিস্তান দলের হয়ে খেলি।’গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অভিযোগে লন্ডনের আদালতে সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও জুয়াড়ি মাজহার মাজিদের বিচার কাজ চলছে। প্রতিদিন শুরু থেকেই আসিফ আদালতে উপস্থিত হয়েছেন। তবে আজ দুই ঘণ্টা পর উপস্থিত হন তিনি। ওয়েবসাইট।