বাট বড় একা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে বর্তমানে জেল খাটছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সালমান বাট। মাত্র কয়েক দিন আগেই ছাড়া পেয়েছেন স্পট ফিক্সিংয়ে জড়িত আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফ। জেল থেকে বেরিয়ে বাটের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। বাট এখন খুব একাকী ও হতাশায় জীবন কাটাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সাবেক এই পাকিস্তানি পেসার।গতকাল রোববার পাকিস্তানের ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে আসিফ বলেছেন, ‘সালমান আর আমি প্রায় তিন মাস কারাগারের একই ঘরে ছিলাম। আর আমার ছাড়া পাওয়ার দিন সে আমাকে শুভকামনা জানিয়েছে। কিন্তু সে খুবই একাকী হয়ে পড়েছে। আমি জেল থেকে বের হওয়ার সময় তাকে খুবই হতাশ অবস্থায় দেখে এসেছি। বোঝাই যায় যে সে খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে আছে এবং জেল থেকে ছাড়া পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ১২ মাসের কারাদণ্ডের সাজা পেয়েছিলেন মোহাম্মদ আসিফ। সাজার মেয়াদ শেষ হওয়ার পর গত শুক্রবার তিনি মুক্ত হয়েছেন। সালমান বাটকে আরও দেড় বছর কারাগারেই কাটাতে হবে। ইংল্যান্ডের সাউথওয়ার্ক কোর্টে মামলার শুনানি চলার সময় সালমান বাট ও মোহাম্মদ আসিফের মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছিল বলে জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। কিন্তু জেল থেকে বেরিয়ে এ ধরনের মনোমালিন্যের কথা অস্বীকার করেছেন আসিফ। বরং জেলের মধ্যে তাঁদের সম্পর্ক আরও গাঢ় হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘এখন আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। বরং জেলখানায় আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম। অনেক সময় আমরা ব্যাডমিন্টন আর ফুটবল খেলে কাটিয়েছি।’ ইএসপিএন