বাট ১০, আসিফ ৭ ও আমির ৫ বছর নিষিদ্ধ
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে ১০, পেসার মোহাম্মদ আসিফকে ৭ ও পেসার মোহাম্মদ আমিরকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। তবে বাট পাঁচ ও আসিফ দুই বছর শাস্তিভোগের সময় কোনো ধরনের অন্যায় না করলে তাঁদের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর কথা বিবেচনা করতে পারে আইসিসি।ক্রিকইনফো জানিয়েছে, আজ শনিবার দোহায় ঘোষিত এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নিষিদ্ধ ক্রিকেটাররা ও আইসিসি।কয়েক ঘণ্টার দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, ওভাল টেস্টে ব্যাট করার সময় বাট একটি ওভার মেডেন দিতে সম্মত হয়েছিলেন বলে যে অভিযোগ রয়েছে, তা প্রমাণিত হয়নি। তবে বাজিকর মাজিদের প্রস্তাব পাওয়ার পরও তিনি আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে তা স্বীকার করেননি।ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে যে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে একটি ‘নো বল’ করতে সম্মত হয়েছিলেন আসিফ। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ‘নো বল’ করেন তিনি। আর আমির বাজিকরের সঙ্গে পূর্ব চুক্তি অনুযায়ী ওই লর্ডস টেস্টেই ইচ্ছাকৃতভাবে দুটি নো বল করেন। আইসিসির তদন্তে প্রমাণিত হয়েছে, এসব নো বলের ক্ষেত্রে অধিনায়ক বাটের সংশ্লিষ্টতা ছিল।