বাটও খুশি
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে যুক্তরাজ্যে কারাদণ্ড হয়েছিল ৩০ মাসের। কারাগারে ভালো আচরণ করায় মাত্র সাত মাস সাজা খেটেই মুক্তি পেয়েছেন। একই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটে আছেন ১০ বছরের নিষেধাজ্ঞায়। সালমান বাটের বয়স এখন ২৭। নিষেধাজ্ঞার পুরোটাই শেষ পর্যন্ত বহাল থাকলে বাটের কখনো ক্রিকেটে ফেরা হবে কি না, তা অনিশ্চিত। তবে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ ফিরে আসার খবরে অন্যদের সঙ্গে খুশি তিনিও। ‘এটা অবশ্যই খুশির খবর। তবে পাঁচ বছর নানা প্রচেষ্টার পর দ্বিপক্ষীয় সিরিজ খেলছি আমরা। সিরিজে অন্তত একটা টেস্ট থাকা দরকার ছিল। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্টের গুরুত্ব আলাদা।’ ডিসেম্বরে পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার আমন্ত্রণ জানানোর খবর শুনে খুশি হয়েছেন জানিয়ে বলেছেন বাট। ২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। পরের বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ওই সফর বাতিল করে ভারত। এরপর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারতীয় দল। পাকিস্তান অবশ্য সব সময়ই ভারতের সঙ্গে সিরিজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে এসেছে। তবে পাকিস্তানিদের সঙ্গে খেলতে আপত্তি ছিল ভারতের।ভারত সফরের আমন্ত্রণ পাওয়ার প্রতিক্রিয়ায় বাট বলেন, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেই দ্বিপক্ষীয় সিরিজ সম্ভব হয়েছে। দল পাঠানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত হবে ভারতকে পাকিস্তানে আনার প্রতিশ্রুতি আদায় করা।পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফিরে না আসার ব্যাপারেও কথা বলেছেন বাট, ‘তিন বছর ধরে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছি আমরা। কিন্তু এ নিয়ে বোর্ডকে দোষ দিচ্ছি না আমি। কারণ, সফরকারী দলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা না দিলে ভারতসহ কোনো দেশই পাকিস্তানে খেলতে আসবে না।’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ওয়েবসাইট।