জীবন থেকে হারিয়ে গেছে দেড়টি বছর। হারানোর অপেক্ষায় আরও সাড়ে তিন। মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নিয়ে যাত্রা শুরু করা মোহাম্মদ আমির পাঁচ বছর খেলতেই পারবেন না। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলা হবে না। উইকেট পাওয়া হবে না। কে ফিরিয়ে দেবে তা? লোভের ফাঁদে পা দেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত অনুশোচনায় দগ্ধ আমির। তাঁর খুব রাগ হয় সালমান বাটের ওপর।জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম সাক্ষাৎকার দিলেন আমির। মাইক আথারটনকে দেওয়া সেই সাক্ষাৎকার পরশু প্রচারিত হয়েছে ‘স্কাই স্পোর্টস’-এ। সেখানেই আগামী মাসে ২০ বছর পূর্ণ করতে চলা আমির ক্ষোভ উগরে দিয়েছেন সালমানের ওপর, ‘সালমানের ওপর আমার খুব রাগ। অথচ ও আমাকে সব সময় “নিষ্কলুষ” বলত, বড় ভাইয়েরা যেমন ছোট ভাইদের বলে। তার উচিত ছিল আমাকে সাহায্য করা। অথচ সে আমাকে এসবের মধ্যে জড়িয়ে ফেলল।’দেশের মানুষের কাছেও ক্ষমা চেয়েছেন আমির, ‘আমি তাদের কাছে ক্ষমা চাই। আমি সবকিছু শেষ করে ফেলেছি! আল্লাহর অশেষ কৃপায় আমি এখন ভালো-মন্দের মধ্যে পার্থক্য বুঝতে শিখেছি। আমি কখনোই ভুল করিনি। আমাকে ভুল পথে চালিত করা হয়েছে।’তাঁকে ফাঁদে ফেলা হয়েছিল বলে দাবি করে আমির জানাচ্ছেন, লর্ডসের সেই আলোচিত টেস্টের আগের দিন হোটেলের পার্কিংয়ে গাড়ির মধ্যে বাজিকর মাজহার মাজিদের সঙ্গে কথা হয়। এর আগে আলী নামের এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয়। ওই আলীই যে ছদ্মবেশী সাংবাদিক, একদমই বুঝতে পারেননি। আলীর অনুরোধে আমির নিজের ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র পাঠান। কিছু মুঠোবার্তাও আদান-প্রদান হয়। মাজিদ পরে আমিরকে ভয় দেখান, এটা ছিল আইসিসির পাতা ফাঁদ। এসব নিয়ে আইসিসি তদন্ত করছে। তবে লর্ডসে দুটো নো বল করলে আইসিসির এই তদন্ত ঠেকানো যেতে পারে।আমিরের দাবি, সেই ভয়েই তিনি নো বল করেছেন। তখন পর্যন্ত টাকার কোনো কথাই আসেনি। তবে প্রথম দিন একটা নো বল করার পর মাজিদ হোটেলকক্ষে এসে আমিরকে দেড় হাজার পাউন্ড দিয়ে যান। প্রথমে নো বল করতে অস্বীকৃতিও জানিয়েছেন বলে মন্তব্য আমিরের, ‘ওকে (মাজিদ) বললাম, ভাই, আমি খুব ভয় পেয়ে গেছি। আমার পক্ষে এটা করা সম্ভব নয়। মনের মধ্যে তখন তোলপাড় চলছে। এটা নিয়ে আমি ভাবলাম, নিজেকে অভিসম্পাত করলাম। জানতাম, ক্রিকেটের সঙ্গে প্রতারণা করছি। তার পরও আমি তা করলাম।’জীবনের এই ভুল থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে চান আমির। নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই অমিত প্রতিভাধর বোলার এখন আশায় বুক বাঁধছেন, ‘আমার পেছনে সমর্থন আছে। ভালো মনের মানুষেরা আমাকে মানসিকভাবে উজ্জীবিত করছেন। সাহস দিচ্ছেন। এখন আমার যা অবস্থা, সেটা কারও জন্যই ভালো নয়। একদিন আমি ছিলাম পৃথিবীর সবার ওপরে, পরের দিনই ধপাস করে পড়ে গেলাম নিচে।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।