বাটকে আফ্রিদির একহাত
২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক এবার শোচনীয়ভাবেই ব্যর্থ। পাঁচ ইনিংসে সংগ্রহ মাত্র ৩০ রান, সর্বোচ্চ ১৪। বল হাতেও ব্যর্থ ছিলেন শহীদ আফ্রিদি। ছয় ম্যাচে শিকার মাত্র চার উইকেট। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দিতে এসে আফ্রিদির বাজে পারফরম্যান্সের সমালোচনা করেছিলেন সাবেক অধিনায়ক সালমান বাট। পাল্টা আক্রমণে বাটকে একহাত নিয়েছেন আফ্রিদি।বাটের ঠিক মোক্ষম জায়গাটাতেই আঘাত হেনেছেন আফ্রিদি। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পষ্ট ফিক্সিংয়ের ঘটনায় বাট ১০ বছরে নিষেধাজ্ঞা পেয়েছেন, যুক্তরাজ্যে কারাভোগ করেছেন। বাটের সব অতীত টেনে আফ্রিদি বলেছেন, এমন কলঙ্কিত একজনকে টেলিভিশন অনুষ্ঠানে অতিথি করে আনাটাই ঠিক নয়।‘আমি মনে করি, বিশেষজ্ঞ আনার ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলগুলোকে আরও সতর্ক হওয়া উচিত। এসব অনুষ্ঠানে তাঁদেরই আনা উচিত, যাঁদের অতীত নিষ্কলুষ। যে ক্রিকেটার ক্রিকেট বিশ্বের সামনে দেশকে কলঙ্কিত করেছে, মোহাম্মদ আমিরের মতো দুরন্ত প্রতিভাকে নষ্ট করে দিয়েছে, জাতির সামনে মুখ দেখাতে তার লজ্জা হওয়া উচিত।’ বলেছেন শহীদ আফ্রিদি।২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে সালমান বাট ১০, মোহাম্মদ আসিফ সাত ও মোহাম্মদ আমির পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। একই ঘটনায় যুক্তরাজ্যে কারাভোগও করেছেন তাঁরা। ক্রিকেট দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারের কারাভোগের ঘটনা এটাই প্রথম। এমন লজ্জাজনক কীর্তির পরও পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনে প্রায়ই ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মতামত দিতে দেখা যায় বাট-আমিরদের। ব্যাপারটি নিয়ে অসন্তুষ্ট বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।আফ্রিদি বলেন, এ ধরনের বিশেষজ্ঞদের কথার কোনো মূল্য নেই। কেউই তাঁদের কথাকে গুরুত্ব দেয় না। শুধু নিষ্কলুষদের বিশেষজ্ঞ মতামত নেওয়া উচিত গণমাধ্যমের।বাটের কড়া সমালোচনা করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ব্যর্থতা মেনে নিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি হতাশ। কিন্তু প্রত্যেকে ক্রিকেটারকেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। ভালো করতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছি। কিছু কিছু সময় আছে যখন কিছুই করার থাকে না। এমন পরিস্থিতিতে ভাগ্যও মুখ ফিরিয়ে নেয়। তবে আমি যোদ্ধা, ফিরে আসব আবারও। চ্যালেঞ্জের মুখে পালিয়ে যাওয়ার মতো লোক আমি নই।’ সূত্র: পিটিআই।