বাটকে ইংল্যান্ডের সতর্কীকরণ চিঠি
পিসিবি প্রধান ইজাজ বাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথম পদক্ষেপ হিসেবে বাটের কাছে ‘পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা’ দাবি করে সতর্কীকরণ চিঠি পাঠিয়েছে ইসিবি ও প্রফেশনালস ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)। চিঠিতে বলা হয়েছে, সন্তোষজনক উত্তর দিতে না পারলে আর কোনো নোটিশ না দিয়েই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পিসিবি বা বাটের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।ওভাল ওয়ানডেতে গড়াপেটার অভিযোগে পাকিস্তানিদের বিরুদ্ধে তদন্ত শুরুর পরদিনই ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন বাট। পরদিনই আবার বাটের দাবি প্রত্যাখ্যান করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ইসিবি ও ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্র স্ট্রাউস। এই চিঠির মধ্য দিয়ে সেই প্রক্রিয়াই শুরু হলো।পরশু সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে স্ট্রাউস আরও একবার বাটের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শুধু তা-ই নয়, আইসিসিকে অনুরোধ করেছেন গড়াপেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, ‘এই গ্রীষ্মে আবারও প্রমাণিত হয়েছে, বাতাসে যখন নানা বিতর্ক উড়ে বেড়ায়, তখন খেলাটা মূল্যহীন হয়ে যায়। কোনো দলই এ ধরনের পরিস্থিতিতে খেলতে চায় না। খেলাটার ভাবমূর্তি যাতে আর কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য আইসিসিকে শক্ত ভূমিকা নিতে হবে, করতে হবে সম্ভব সব কিছুই। কোনো সন্দেহ নেই, কাজটা অনেক কঠিন। তবে সিরিজ শেষ হওয়ায় কাজ কিছুটা হলেও সহজ হবে।’দেশে ফেরার আগে ছোট্ট একটা সুখবর শুনেছে পাকিস্তান দল। ক্রিকেটারদের বিরুদ্ধে পাকিস্তানের এক নাগরিকের করা প্রতারণার মামলা খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। ওয়েবসাইট।