বাটকে তলব করেছে পাকিস্তানের আইনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ারের ইশারায় নিষিদ্ধ করা হয়েছে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে। কয়েক দিন পরই পাওয়ারের বাসায় গিয়ে নিজের করা এই অভিযোগ থেকে সরে এসেছেন ইজাজ বাট।ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা নাকি ইচ্ছে করেই হেরেছিল ইংল্যান্ড—বাটের মুখে এ অভিযোগ শুনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আইনি নোটিশ পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে তাঁকে। ইজাজ বাট ক্ষমা চাননি, কিন্তু ইংল্যান্ডে গিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করে এসেছেন। লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিসহ পরের নানা ঘটনার ব্যাখ্যা চেয়ে বাটকে তলব করেছে পাকিস্তানের আইনসভা।ক্রিকইনফো জানিয়েছে, ইজাজ বাট ছাড়াও বোর্ডের আইন উপদেষ্টা তাফাজ্জল রিজভী, সাবেক ম্যানেজার ইয়াওয়ার সাঈদ, প্রধান নির্বাচক মহসিন খান, কোচ ওয়াকার ইউনুস ও আকিব জাভেদকে ১১ অক্টোবর আইনসভায় হাজির হতে বলা হয়েছে।পাকিস্তানের আইনসভার ক্রীড়াবিষয়ক কমিটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ পিটিআইকে বলেন, ‘ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের পারফরম্যান্স, সৃষ্ট বিতর্ক, বিতর্কের পর বোর্ডের ভূমিকা—এসব পর্যালোচনা করার জন্য শুনানি অনুষ্ঠিত হবে।’ এরপর ইকবাল মাহমুদ যোগ করেন, ‘কমিটি জানতে চায়, কেন ইংল্যান্ড সফরে এত বাজে পারফরম্যান্স হলো, কীভাবে স্পর্শকাতর বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান। আমরা জানতে চাই, ইংল্যান্ড দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর কেন তা প্রত্যাহার করে নিয়েছেন ইজাজ বাট। দল নির্বাচন নিয়েও অনেক কিছু জানার আছে আমাদের।’