বাটদের অনুপ্রেরণা ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু যুদ্ধের জয়ী যোদ্ধা যখন ড্রেসিংরুমেই আছে, অনুপ্রেরণা খুঁজতে বাইরে তাকানোর কী প্রয়োজন! আগের দুই টেস্টে ৩৫৪ রান ও ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর সিরিজ বাঁচাতে ওভালে জিততেই হতো পাকিস্তানকে। বিপর্যস্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে জিতলও। এর রহস্য সন্ধানীদের সাহায্য করতে পারে সালমান বাটের কথা। পাকিস্তান অধিনায়ক বলছেন, ড্রেসিংরুমে কোচ ওয়াকার ইউনুসের উপস্থিতিই তাঁদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।বিশ্বের দ্রুততম বোলার ছিলেন একসময়। ওয়াসিম আকরামের সঙ্গে গড়েছিলেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ংকর জুটিগুলোর একটি। বাট জানালেন, এমন একজনের উপস্থিতিই বিধ্বস্ত অবস্থা থেকে মাথা তোলার সাহস জুগিয়েছে তাঁদের, ‘টু ডব্লুর সময় স্বর্ণসময় ছিল পাকিস্তানের ক্রিকেটের। ৬ উইকেট হাতে নিয়ে কোনো দলের ২০ রান প্রয়োজন, এমন অবস্থায়ও তাঁরা ওই ৬ উইকেট তুলে নিয়ে জিতিয়ে দিতেন দলকে। এই দলেও ওয়াকারের অনেক প্রভাব। ড্রেসিংরুমে তাঁর মতো একজন কিংবদন্তির উপস্থিতি আমাদের বিশ্বাস জোগাচ্ছে, তরুণ কেউও ভাবতে পারছে, “আমরাও নায়ক হতে পারি।” এখন পর্যন্ত দলের জন্য তিনি দারুণ কাজ করেছেন, আশা করি এভাবেই কাজ করে যাবেন।’নব্বইয়ের দশকে ওয়াকার-ওয়াসিমদের পাকিস্তান নিয়মিতই ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারাত। অথচ ওভালে জয়ের আগে নয় বছর ইংল্যান্ডে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান। তরুণ এই দলের জন্য এটাকে বড় এক অর্জন দাবি করে বাট কৃতিত্বটা দিয়েছেন দলের সবাইকে, ‘প্রয়োজনের সময় সবাই নিজেকে মেলে ধরেছে। কামরান সবগুলো ক্যাচ নিয়েছে, উইকেট নিয়েছে আসিফ-আমির, এমনকি অভিষিক্ত ওয়াহাবও পেয়েছে ৫ উইকেট। অধিনায়ক হিসেবে আমি খুবই খুশি। দলটা তরুণ ও অনভিজ্ঞ, কিন্তু সবাই প্রমাণ করছে তাদের সম্ভাবনা অনেক। একটু সময় দিলে এই দলটিই সেরা দলের একটি হয়ে উঠবে।’অনভিজ্ঞ দলটার এভাবে ঘুরে দাঁড়ানোয় বড় একটা ভূমিকা আছে অভিজ্ঞ মোহাম্মদ ইউসুফের। সাবেক অধিনায়ক দলে ফেরায় তরুণ দলটির অভিজ্ঞতা বেড়ে গিয়েছিল ৮৮ টেস্ট। বড় ইনিংস খেলতে পারেননি, তবে দুই ইনিংসেই খেলেছেন গুরুত্বপূর্ণ দুটি ইনিংস (৫৬ ও ৩৩)। বাটও স্বীকার করলেন, পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর অন্যতম অনুঘটক ছিলেন ইউসুফ।আগের দুই টেস্টে সহজ জয়ের পরও অ্যান্ড্রু স্ট্রাউস বারবার বলেছেন, পাকিস্তান বিপজ্জনক দল, যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। ওভালে পাকিস্তানের সেই বিপজ্জনক চেহারাটা দেখার পর ইংলিশ অধিনায়ক নিজেই এই পরাজয়কে বলছেন ‘দাঁতভাঙা জবাব।’ এবার ঘুরে দাঁড়ানোর কথা বলতে হচ্ছে তাঁকেই, ‘ম্যাচের প্রথম সকালে আর তৃতীয় দিন শেষ সেশনে ৫ উইকেট হারিয়েই আমরা ম্যাচটা হেরে গেছি। জয়টা পাকিস্তানের প্রাপ্য ছিল, ওরা আমাদের নাস্তানাবুদ করেছে। তবে এই পরাজয়েই আমরা খারাপ খেলোয়াড় হয়ে যাইনি। আগের দুই ম্যাচে ব্যাটিং যথেষ্টই ভালো হয়েছিল। তাই আতঙ্কিত হওয়ার কিছু দেখছি না, আমরা ঘুরে দাঁড়াব।’একতরফা মনে হওয়া সিরিজটাও হঠাৎই জমে উঠেছে। বৃহস্পতিবার লর্ডসে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটা যে এখন সিরিজ নির্ধারণী। এএফপি, ওয়েবসাইট।