বাটদের জন্য লরগাত-বার্তা
মাঝখানে একটু যেন আড়ালেই চলে গিয়েছিল বিষয়টি। সেটি আবার আলোচনায় ফিরল হারুন লরগাতের মন্তব্য ধরে। আইসিসির প্রধান নির্বাহীর কথায় আভাস মিলেছে, পাকিস্তানের নিষিদ্ধ ত্রয়ীর বিরুদ্ধে বেশ শক্ত প্রমাণ জোগাড় করেছে আইসিসি। সেটাই পেশ করা হবে ট্রাইব্যুনালের কাছে। তিন সদস্যের এই ট্রাইব্যুনাল আগামী ৬ থেকে ১১ জানুয়ারি শুনানি শেষে ভাগ্য নির্ধারণ করবেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের।রায় আসতে এখনো মাস খানেক বাকি। তবে লরগাতের কথায় বিপদের পূর্বাভাসই পাওয়ার কথা সাময়িক নিষিদ্ধ এই তিন পাকিস্তানি ক্রিকেটারের। বিবিসিকে লরগাত বলেছেন, ‘অভিযোগ প্রমাণের জন্য যেসব তথ্য-প্রমাণ দরকার সেটি জোগাড় করতে আমরা অনেক খেটেছি। আমি আত্মবিশ্বাসী অভিযোগ প্রমাণের জন্য যেসব তথ্য-উপাত্ত প্রয়োজন তার সবই আমাদের কর্মীরা জোগাড় করেছেন।’তবে বাটরা ন্যায়বিচার পাবেন বলেও আশ্বস্ত করেছেন লরগাত, ‘আমরা সব দিক ভেবেই সিদ্ধান্ত নেব। তবে এ ব্যাপারে সামান্য ছাড় দেওয়া হবে না। এটা অনেক গুরুতর একটা বিষয়। খেলাটির সততাই সবার ওপরে। ক্রিকেটে সামান্যতম অসততাও আমরা সহ্য করব না।’মাইকেল বেলফ কিউসি ট্রাইব্যুনালের প্রধান নিযুক্ত হয়েছেন। সদস্য হিসেবে থাকছেন আইসিসির আচরণবিধি কমিশনার অ্যালবি স্যাস এবং কেনিয়ার শারদ রাও। ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে ওই তিন ক্রিকেটার চাইলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে জানিয়েছেন লরগাত।এদিকে বিচারাধীন একটি বিষয় নিয়ে লরগাতের এমন মন্তব্যের ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন বাটের আইনজীবী খালিদ রাঞ্ঝা। লরগাতের এমন মন্তব্য ‘বিচারের জন্য হুমকি’ বলে মনে করছেন তিনি, ‘আইসিসি নিজেদের সিদ্ধান্তই বিচারকদের ওপর চাপিয়ে দিতে চাইছে। আইসিসি কর্মকর্তারা কিন্তু এতে করে মোটেও ইতিবাচক কোনো উদাহরণ স্থাপন করছেন না।’ এএফপি, ওয়েবসাইট।