বাটদের বিরুদ্ধে প্রমাণের দ্বিতীয় নথি
সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল বাতিল হয়েছে। বাট-আমিররা এখন তাকিয়ে আছেন আইসিসির শুনানির দিকে। ওদিকে ইংল্যান্ডে চলছে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জোগাড়যন্ত্র। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন ইউনিট ছাড়াও তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটি পরশু বাটদের বিরুদ্ধে পাওয়া প্রমাণের দ্বিতীয় নথি হস্তান্তর করেছে ‘দ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিস’কে। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শুধু জানিয়েছেন এটুকুই, কী ধরনের প্রমাণ পেয়েছেন, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। ওয়েবসাইট।পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার মামলা করার হুমকি দিয়েছে মিকি আর্থারের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিন বছর আগের এক ওয়ানডে পাতানো ছিল বলে তাঁর জোর সন্দেহ। ২-২-এ সমতায় থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে লাহোরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। জয়ের জন্য শেষ ১০ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৩৬, হাতে ৬ উইকেট। এমন ম্যাচটিও পাকিস্তান হেরে বসে ১৪ রানে। সন্দেহের স্বপক্ষে অবশ্য কোনো প্রমাণ দিতে পারেননি আর্থার।এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, শিগগিররই তারা আর্থারকে আইনি নোটিশ পাঠাবে। উপযুক্ত প্রমাণ দিতে না পারলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। ওই ম্যাচে পাকিস্তান দলের অধিনায়ক শোয়েব মালিক তো আর্থারের কথা শুনে আকাশ থেকে পড়েছেন, ‘তিন বছর পর হঠাৎ করে তাঁর এমন কেন মনে হলো বুঝতে পারছি না। বুঝতে পারছি না, এসব বলে তিনি কী পেতে চান। হাস্যকর একটা অভিযোগ।’পিসিবি ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়েছে তিন ক্রিকেটারকেও। আবদুল রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ নির্বাচক ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে মন্তব্য করা। সময়ানুবর্তিতা না মানার অভিযোগ শোয়েব আখতার ও ফাওয়াদ আলমের বিরুদ্ধে।