বাটদের শুনানি ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার মেয়াদের দুই বছর পেরিয়ে গেছে এরই মধ্যে। তবু লড়াইটা চালিয়ে যাচ্ছেন সালমান বাট ও মোহাম্মদ আসিফ। দ্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছিলেন আইসিসির শাস্তির বিরুদ্ধে। এত দিনে আপিল শুনানির দিন ধার্য করল সিএএস। আসিফের আপিলের শুনানি হবে আগামী ৫-৭ ফেব্রুয়ারি, বাটের ৫-৮ ফেব্রুয়ারি। বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ বিচারিক সংস্থা সিএএসের সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে।প্রতারণা ও অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত নো বল করার অভিযোগে পাকিস্তানের তিন ক্রিকেটারকে গত বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসির বিশেষ ট্রাইব্যুনাল। তিনজনকেই পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সঙ্গে বাটকে দেওয়া হয় বাড়তি পাঁচ বছরের স্থগিত নিষেধাজ্ঞা, আসিফের বাড়তি দুই বছর। ২০১০ সালের সেপ্টেম্বরে সাময়িক নিষেধাজ্ঞার সময় থেকে শুরু হয়েছে মেয়াদ, তিনজন আবার ক্রিকেটে ফিরতে পারবেন ২০১৫ সালের সেপ্টেম্বরে। আসিফ-বাট নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসে আপিল করলেও দোষ স্বীকার করে আর আপিল করেননি মোহাম্মদ আমির। তিনজন ইতিমধ্যে জেলও খেটেছেন ইংল্যান্ডের আদালতের রায়ে।বাট উন্মুখ হয়ে তাকিয়ে আছেন ফেব্রুয়ারির দিকে, ‘আমার আইনজীবীর সঙ্গে গত কিছুদিনে কথা হয়নি। তবে আপিলের সবকিছুই তাঁর জানা। আশা করি, ন্যায়বিচার পাব।’ আসিফ জানালেন শুনানি শুরু হতে এত দেরি হওয়ার কারণ, ‘শাস্তির পর পরই আমি আপিল করেছি, কিন্তু ফৌজদারি মামলার কার্যক্রমের জন্য এটা চালিয়ে যেতে পারিনি। এখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুনানি হবে।’বাট আন্তর্জাতিক অপরাধ আদালতেও আপিল করতে চেয়েছিলেন। কিন্তু বিরাট অঙ্কের খরচ ও বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে আর ও পথে যাননি। এএফপি, ওয়েবসাইট।