বাটরা চান সমানাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান বাট
সালমান বাট

তাঁরা তিনজনই পাকিস্তানি এবং একই অপরাধে অপরাধী। তাহলে শুধু মোহাম্মদ আমিরের পুনর্বাসনের ব্যবস্থা কেন হবে? সালমান বাট চান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁরও দেখভাল করুক। আমিরের সঙ্গে তাঁকেও তো দরকার পাকিস্তান ক্রিকেটের!
পিসিবি সভাপতি নাজাম শেঠি অনেকবারই বলেছেন, আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনার চেষ্টা করবেন তিনি। আইসিসির বর্তমান দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর সুযোগ নেই। শেঠি তাই চেষ্টা করছেন আমিরকে অনুশীলন ও ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যবস্থা করার। যাতে নিজেকে ফিট রাখা আমির নিষেধাজ্ঞার মেয়াদ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। সম্প্রতি দুবাইয়ে আইসিসি সভায় আমিরের নিষেধাজ্ঞা এক বছর শিথিল করার মৌখিক আশ্বাসও পেয়েছেন শেঠি। আইসিসির আগামী জুনের সভায় ২১ বছর বয়সী বাঁহাতি পেসার আমির ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েও যেতে পারেন।
আমিরের সঙ্গে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ বাট ও মোহাম্মদ আসিফের ব্যাপারে তেমন কিছুই করছে না পিসিবি। তাঁদের দুজনকে ভিন্ন চোখে দেখা কেন এমন অনুযোগ তাই বাটের কণ্ঠে, ‘আমি আশা করব, তিনি (শেঠি) আমিরের জন্য যা করছেন, অন্যদের জন্যও তা করবেন। আমিরের সঙ্গে অন্য খেলোয়াড়দেরও দরকার পাকিস্তানের।’ পাঁচ বছর স্থগিতাদেশসহ ১০ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অধিনায়ক নাকি পিসিবির সঙ্গে অনেকবার দেখা করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু বোর্ড ইতিবাচক সাড়া দেয়নি।
প্রতিদিনই মাঠে যান, খেলার জন্য নিজেকে ফিট দাবি করে ২৯ বছর বয়সী বাট বলেছেন, তাঁর চাওয়া বোর্ড যেন সবার জন্যই একইভাবে কাজ করে, ‘এটা ভালো, সভাপতি মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তবে তাঁর উচিত অন্যদের জন্যও তা করা।’ ওয়েবসাইট।