বাটলারে চড়ে সেমিতে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বিশেষজ্ঞদের ‘কালো ঘোড়া’ ইংল্যান্ড। কেন ভাবা হচ্ছিল সেটি বুঝিয়ে দিল দলটি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা দলটিই সেমিফাইনালে সঙ্গী হলো ক্যারিবীয়দের। কাল দিল্লিতে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে শেষ চারে উঠে গেল এউইন মরগানের দল।
অথচ দিনটি হতে পারত শ্রীলঙ্কার। পরিষ্কার করে বললে অ্যাঞ্জেলো ম্যাথুসের। ৫৪ বলে ৭৩ করে দলকে অবিশ্বাস্য এক জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক। একটুর জন্য হাতছাড়া হলো সেই জয়।
শ্রীলঙ্কান ইনিংসের শুরুটা হয়েছে খুবই বাজে। তিন ওভারেই ফিরে গেছেন প্রথম চার ব্যাটসম্যান। কাপুগেদারাকে নিয়ে প্রথমে ধাক্কা সামাল দিলেন ম্যাথুস। ৬০ বলে ৮০ রানের জুটিতে ম্যাচে ফিরল শ্রীলঙ্কা। ১৩তম ওভারে কাপুগেদারা ফিরে গেলেও প্রথমে থিসারা পেরেরাকে সঙ্গী করে পাল্টা জবাব দেওয়া শুরু করলেন। জয়কে নিয়ে এলেন চার ওভারে ৪০ রানের সহজ এক সমীকরণে। এরপরই ক্রিস জর্ডান ধাক্কা। ১৭তম ওভারে মাত্র ৬ রান দিলেন, আউট করলেন পেরেরাকে। কিন্তু আট নম্বরে উইকেটে আসা শানাকাও ৯ বলে ১৫ রান করে ম্যাচ শ্রীলঙ্কার দিকে এনে দিলেন। ১৯তম ওভারে আবারও জর্ডান চমক। শানাকা ও হেরাথকে ফিরিয়ে দিলেন তিনি, রান দিলেন মাত্র ৭। শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। ম্যাথুস প্রথম ৩ বলে ৪ রান করায় সেটিই দাঁড়ায় ৩ বলে ১১। কিন্তু বেন স্টোকস ঠান্ডা মাথায় সামলালেন শেষ ওভারের চাপ। শেষ ৩ বলে কোনো রানই নিতে পারলেন না ম্যাথুস।
এর আগে ইংল্যান্ড ইনিংস ছিল বাটলার ঝড়ের গল্প। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের তিন ম্যাচেই খানিকটা চুপচাপ ছিলেন। শ্রীলঙ্কার দুর্ভাগ্য, ঘুম ভাঙার জন্য কালকের দিনটিই বেছে নিলেন জস বাটলার। বাটলার-ঝড়েই শ্রীলঙ্কাকে ১৭২ রানের কঠিন লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড।
মাত্র ৪ রানেই ফিরে গেলেন অ্যালেক্স হেলস। জেসন রয় ও জো রুট মিলে পরিস্থিতি সামাল দিলেন বটে, তবে একটু বেশিই ‘ঠান্ডা’ মাথায় খেললেন তাঁরা। প্রথম ৫০ করতেই তাই ৮ ওভার লেগে গেল ইংল্যান্ডের। ৬১ রানের জুটি গড়ে রুট ফিরে যাওয়ার পরও ইংল্যান্ড ইনিংসে গতি ফিরে এল না। ১৫ ওভার শেষেও ইংল্যান্ডের রান মাত্র ৯৯। ৩৯ বলে ৪২ রান করা রয়ও ফিরে গেছেন ততক্ষণে।
তারপরই বাটলারের মনে হলো, ‘অনেক হয়েছে’। শ্রীলঙ্কান বোলিংকে কচুকাটা শুরু করলেন এর পরপরই। তখন পর্যন্ত ১৬ বলে ২২ রান করা বাটলার পরের তিন ওভারেই ১২ বলে নিলেন ২৮ রান। ২৮ বলেই পেয়ে গেলেন এ বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। ইংল্যান্ডের ইনিংসও ১৮.১ ওভারেই পরিণত হলো ১৫০। ২০ ওভার শেষে যা রূপ নিল ১৭১। বাটলার তখন অপরাজিত ৬৬ রানে। ৩৭ বলের এই ঝড়ে ছিল ৮ চার ও ২টি ছক্কা। ইংল্যান্ডকে সেমিফাইনালে নেওয়ার জন্য এটাই ছিল যথেষ্ট।