বাটের অসন্তোষ
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই হয়েছে মাত্র একজন পাকিস্তানির—উমর গুল। এতে মোটেই খুশি নন ইজাজ বাট। লন্ডনে আইসিসির অ্যাওয়ার্ড নাইটে নিজের এই অসন্তোষের কথা ক্লাইভ লয়েডকে জানিয়েও দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান। আইসিসি বর্ষসেরা দল নির্বাচনের দায়িত্ব যে বিচারকদের ওপর ছিল, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ছিলেন এর প্রধান।বাট যেভাবে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন, সেটা অনেকের কাছে দৃষ্টিকটুও লেগেছে। এ-সংক্রান্ত সংবাদ সম্মেলন শুরু হলে সাংবাদিকদের মতো তিনিও হাত তুলে প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, কেন এমনটা হলো। পাকিস্তানের হয়ে গত বছর তো ভালো পারফর্ম করেছেন আরও অনেকেই। লয়েড তখন বাটকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন, শুধু ভালো পারফর্মই শেষ কথা নয়, দল নির্বাচনে টিম কম্বিনেশনের কথাও মাথায় রাখতে হয়েছে বিচারকদের। সেখানে অন্য কাউকে সরিয়ে পাকিস্তানের আর কোনো বোলার বা ব্যাটসম্যানকে রাখার সুযোগ ছিল না। ওয়েবসাইট।