বাটের আইনজীবীকেই নিয়োগ দিলেন আশরাফুল

অপরাধ স্বীকার করে নিয়েছেন আগেই। তবে তার পরও আইনি লড়াইয়েই নামছেন মোহাম্মদ আশরাফুল। আইনজীবীর সন্ধানে কদিন আগে ইংল্যান্ডে গিয়েছিলেন। দেশে ফিরে আশরাফুল জানালেন, সেই আইনজীবী পেয়েও গেছেন। লর্ডস টেস্টে স্পস্ট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া সালমান বাটকে আইনি পরামর্শ দিয়েছিলেন যে আইনজীবী, সেই ইয়াসিন প্যাটেলেরই দ্বারস্থ হলেন আশরাফুল।
দেশে ফেরার পর এই ২৯ বছর বয়সী বলেছেন, ‘ইংল্যান্ডে গিয়েছিলাম আইনজীবীর সন্ধানেই। সেখান থেকেই আইসিসিকে জানিয়েছি ম্যাচ পাতানোর অভিযোগটা আমি আইনি লড়াই দিয়েই মোকাবিলা করব। ইয়াসিন প্যাটেল আমার আইনজীবী।’
বিপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির অপরাধে নয়জনকে অভিযুক্ত করেছে আইসিসি। এই নয়জনকে নোটিশ দিয়ে আইসিসি জানিয়েছিল, ২৭ আগস্টের মধ্যে দোষ স্বীকার করে নিতে হবে অথবা আইনিভাবে এটি মোকাবিলার কথা জানাতে হবে। শেষ দিনেই আইসিসিকে আশরাফুল জানিয়েছেন, তিনি আইনি লড়াই-ই লড়বেন। যদিও নিজ মুখে দোষ স্বীকার করে নেওয়ার পরও তাঁর আইনি লড়াইয়ে যাওয়ার কারণটা পরিষ্কার নয়।
সালমান বাটকে আইনি সহায়তা দিলেও কিন্তু শেষ পর্যন্ত শাস্তি থেকে বাঁচাতে পারেননি প্যাটেল। সব ধরনের ক্রিকেট থেকে বড় সময়ের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আশরাফুলকে কতটা সাহায্য করতে পারেন, সেটাই এখন দেখার। হয়তো শাস্তির মেয়াদ যেন কম হয়, সেই আশাতেই আইনজীবীর দ্বারস্থ হয়েছেন ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।