বাটের কাঠগড়ায় আফ্রিদি
অভিযোগের তির শহীদ আফ্রিদির দিকে। তিরটা ছুড়েছেন সালমান বাট। বাটের অভিযোগ, আফ্রিদির দেওয়া এক বিবৃতির কারণেই মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ আর তাঁকে জেলে যেতে হয়েছে। ঘুরতে হচ্ছে নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে।নিজ শহর লাহোরে ঈদের ছুটি কাটিয়েছেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে বহিষ্কৃত সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাট। একই অভিযোগে তাঁর সঙ্গে যুক্তরাজ্যে জেল খেটেছেন দুই পেসার আমির আর আসিফও। জেল থেকে মুক্তি মিললেও এই তিন ক্রিকেটারকেই অন্তত পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছে আইসিসি।লাহোরে সংবাদমাধ্যমের কাছে বাট অভিযোগ করেছেন, তাঁদের এসব শাস্তির মূলে আফ্রিদির দেওয়া একটা বিবৃতি। তবে আফ্রিদি কী পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে ও রকম কথা বলেছিলেন, সেটাও অনুমান করতে চেষ্টা করছেন বাট, ‘আমার ধারণা, অধিনায়কত্ব নিয়ে সে মানসিকভাবে হতাশ ছিল। সে কারণেই আমাদের বিরুদ্ধে ও রকম একটা বিবৃতি দিয়েছিল।’২০১০ সালে স্পট ফিক্সিং বিতর্কে ঘেরা ইংল্যান্ড সফরের শুরুতে পাকিস্তানের অধিনায়ক ছিলেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসের প্রথম টেস্টে বাজেভাবে হারার পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। দায়িত্ব নেন বাট। পরের বছর মে মাসে পিসিবির সঙ্গে বিবাদে জড়িয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বও হারান আফ্রিদি।স্পট ফিক্সিং তদন্তে আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাছে আফ্রিদি ছাড়াও বিবৃতি দেন ওই সফরে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস ও ম্যানেজার কর্নেল খাজা নাজেম। পরে ডেইলি টাইমস পত্রিকায় আইসিসিকে দেওয়া নিজের বিবৃতিতে অনড় থাকার কথা বলেন আফ্রিদি, ‘আমাদের তিন ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে আগে যা বলেছি, আমি এখনো তা-ই বলি। কারণ আমার বিশ্বাস, আইসিসির কাছে ওই ঘটনার যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কাজেই আমার দিক থেকে লুকোনোর কিছুই নেই।’কিন্তু বাট বলছেন, আফ্রিদির কথাটা ঠিক ছিল না। বরং নিজেকে আবারও নির্দোষ দাবি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘আমি কখনোই কোনো ম্যাচ বা স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলাম না। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মোহাম্মদ আমিরকে নো বল করারও কোনো নির্দেশনা আমি দিইনি।’ শাস্তির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন বাট। তবে তাঁর অভিযোগ, এ ক্ষেত্রে প্রত্যাশিত সাহায্য পাচ্ছেন না পিসিবির কাছ থেকে, ‘আমি চেয়েছিলাম খেলাধুলা-সংক্রান্ত সুইজারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে আপিল করতে। কিন্তু পিসিবি আমাকে কোনো রকম সাহায্যই করেনি।’ এ ছাড়া আর্থিক সংকটের কারণেও আইনি লড়াইয়ের খরচ চালানো দিনে দিনে কঠিন হয়ে পড়ছে তাঁর জন্য।বাট তবু আশাবাদী। ‘বিনা দোষে’ জেল খাটার হতাশাকে শক্তিতে রূপ দিতে চান। ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে, ‘আমি জানি, এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমি আশা ছাড়ছি না। কারণ, আমি এমন অপরাধের জন্য জেল খেটেছি, বহিষ্কৃত হয়েছি, যা আমি আসলেই করিনি।’ ওয়েবসাইট।