বাটের পছন্দ মিসবাহ
সব ঠিকঠাক থাকলে হয়তো বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিতেন তিনিই। কিন্তু সব জট পাকিয়ে দিল ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’। স্পট ফিক্সিং কেলেঙ্কোরিতে সালমান বাটের ক্যারিয়ারটাই এখন চরম অনিশ্চিত। তবে ক্রিকেট নিয়ে কথা বলতে তো আর মানা নেই। শহীদ আফ্রিদিকে অধিনায়ক রাখার কোনো যুক্তিই দেখছেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি মিসবাহ-উল হককে।বাটের মতে, টেস্টের পারফরম্যান্সই প্রমাণ করছে মিসবাহর যোগ্যতা, ‘বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য মিসবাহই যোগ্যতম। নেতৃত্বের গুণ তাঁর জন্মগত, ও আদর্শ নেতা। ওর সবচেয়ে ভালো দিক হলো ও গোছানো আর নেতৃত্ব দেয় নিজে উদাহরণ দিয়ে।’টেস্ট সিরিজে জয়ী পাকিস্তান প্রথম ওয়ানডেতে লজ্জাজনকভাবে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। দলের পারফরম্যান্সে যারপরনাই হতাশ বাট। তাঁর কাঠগড়ায় দুর্বল নেতৃত্ব, ‘প্রায় এই দলটাই টেস্টে দুর্দান্ত খেলেছে। টেস্টে দলটাকে দুর্দান্ত মনে হলো অথচ ৫০ ওভারের ক্রিকেটে মনে হলো উল্টো। আমার মতে, টেস্টের চেয়ে এই ওয়ানডে দলটা আরও ভালো। ওয়ানডে দলে এমন সব ক্রিকেটার আছে যারা ১৫ বছর ধরে খেলছে। কিন্তু দুর্বল পরিকল্পনা ও নেতৃত্বের জন্য দল ধুঁকছে। একজন ক্রিকেটার (আফ্রিদি) যে নিজেই বুঝতে পারে না কী করবে, সে কীভাবে দলকে নেতৃত্ব দেবে? সে সতীর্থদের কিছু বললেও তো তারা শুনবে না।’ ওয়েবসাইট।