অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপের আগে অন্য দলগুলোর মতো বাংলাদেশেরও খেলার কথা দুটি প্রস্তুতি ম্যাচ। তবে এখন সেটি বেড়ে হচ্ছে চারটি। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানই দিয়েছেন সুখবরটা।
‘আমাদের বোর্ড সভাপতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতিকে অনুরোধ করেছিলেন বাংলাদেশ দলকে যেন বাড়তি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। সে অনুরোধে সাড়া দিয়েই ক্রিকেট অস্ট্রেলিয়া ব্রিসবেনে আমাদের দুটি বাড়তি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে’—টেলিফোনে বলেছেন আকরাম খান।
বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। কিন্তু অস্ট্রেলিয়ার আমন্ত্রিত একাদশের বিপক্ষে ব্রিসবেনে অনানুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচ পাওয়ায় এখন তারা যাবে ২৬ জানুয়ারি। সেখানে চলবে অনুশীলন ক্যাম্পও। এই দুটি ম্যাচ ছাড়াও স্থানীয় একটি দলের সঙ্গে বাংলাদেশ দল চাইলে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি টুর্নামেন্টের আগে এত বেশি ম্যাচ খেলার পক্ষে নন।