বাতিস্তার চাকরিই স্থায়ী হচ্ছে
আর্জেন্টিনা ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তাই যে দলটির সাবেক কোচ ডিয়াগো ম্যারাডোনার স্থলাভিষিক্ত হচ্ছেন, তা এখন নিশ্চিত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হুলিও গ্রন্দোনা আজ বৃহস্পতিবার এ কথা জানান।সার্জিও বাতিস্তা ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ হিসেবে দলকে সোনা এনে দেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কোচ ডিয়েগো ম্যারাডোনার চুক্তি নবায়ন না করলে বাতিস্তা অন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। জাতীয় দলের কোচ হিসেবে অবশ্য বাতিস্তার শুরুটা নেহায়েতই মন্দ হয়নি। বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডকে অ্যাঙ্গেল ডি মারিয়ার দেওয়া ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।হুলিও গ্রন্দোনা গত মঙ্গলবার এক বেতার সাক্ষাত্কারে মধ্যমাঠের কুশলী খেলোয়াড় হুয়ান র্যামন রিকুয়েলমের জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘সন্দেহ নেই, রিকুয়েলমে নিজের সেরা ফর্মে ফিরলেই দলে ডাক পাবেন।’ বোকা জুনিয়রের এই তারকা ম্যারাডোনার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে আর্জেন্টিনা দল থেকে নিজেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। রয়টার্স।