বাতিস্তার নতুন রণকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপায় দুটো ম্যাচ খেলে ফেলেছে স্বাগতিক আর্জেন্টিনা। দুটোতেই ড্রয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারেনি সার্জিও বাতিস্তার সেনারা। কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পেতে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির। এই ম্যাচে জয় ব্যতীত অন্য কোনো ফল নিশ্চিতভাবেই শেষ করে দেবে ১৮ বছর পর আর্জেন্টিনার বড় কোনো শিরোপা জয়ের স্বপ্নকে। জয়ের জন্য অন্য কোনো ম্যাচের তুলনায় আর্জেন্টাইন শিবিরে এ মুহূর্তে চলছে ভিন্নরকম চিন্তা-ভাবনা। কোচ বাতিস্তাও খুব সম্ভবত, কোস্টারিকার বিপক্ষে নতুন রণকৌশল নিয়ে মাঠে নামাবেন শিষ্যদের। এ লক্ষ্যে ইতিমধ্যেই দলে চারটি পরিবর্তন এনেছেন তিনি। সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হচ্ছে, কার্লোস তেভেজ। প্রথম দুই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় কোস্টারিকার বিপক্ষে তাঁকে সাইড বেঞ্চেই দেখা যাবে।তেভেজের সঙ্গী হতে যাচ্ছেন আরেক স্ট্রাইকার ইজেকুয়েল লাভেজ্জিরও। এদের জায়গায় মূল একাদশে খেলবেন গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও অ্যাগুয়েরো। কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরও আক্রমণাত্মক খেলারই চিন্তা করছেন বাতিস্তা। তাই ডিফেন্সিভ মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসোর পরিবর্তে তিনি দলে এনেছেন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াকে। ২০০৮ সালের অলিম্পিকের মতো মেসি-ডি মারিয়া জুটি এবারও দলে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আশা করছেন এই আর্জেন্টাইন কোচ। আরেক মিডফিল্ডার ইভার বেনেগার বদলি হিসেবে দলে ঢুকবেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফার্নান্দো গাগো। দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি প্রথম দুই ম্যাচে একেবারেই নিষ্প্রভ হয়ে থাকলেও তাঁর ওপর আস্থা হারাননি বাতিস্তা। দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা সব সময়ই মেসিকে ঘিরে রণকৌশল সাজানোর চেষ্টা করেছি। তাঁকে বাদ দেওয়া খুবই কঠিন। কারণ, সে পুরো ৯০ মিনিটই খেলতে পারে। আর কখনো কখনো খারাপ খেললেও সে সব সময়ই খুব কার্যকরি ফুটবলার।’পরিবর্তিত আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, পাবলো জাবালেতা, নিকোলাস বুরদিসো, গ্রাবিয়েল মিলিতো, জাভিয়ের জেনেত্তি, ফার্নান্দো গাগো, জাভিয়ের মাচেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও অ্যাগুয়েরো। রয়টার্স।