বাতিস্তার ভাগ্য ঠিক করবে ব্রাজিল
জাপানের কাছে হেরে ‘গেল গেল’ রব ঠিক উঠছে না। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে সার্জিও বাতিস্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তো করে দিয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, চাকরিটা স্থায়ী করতে বাতিস্তাকে পরীক্ষা দিতে হবে ১৭ নভেম্বর। কাতারে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচে। হিসাব পরিষ্কার—এই ম্যাচে জয় ২০১৪ সাল পর্যন্ত আর্জেন্টিনা কোচের লোভনীয় বেতনের চাকরি নিশ্চিত করে দেবে বাতিস্তার।এর আগে যুবদল নিয়ে কাজ করা এই কোচ অবশ্য নিজের কাজে সন্তুষ্ট, জাপান ম্যাচের পর বলেছেন, ‘একটা ম্যাচের ফলাফল দিয়েই আমি নিজেকে মূল্যায়ন করি না। আমি চাই, লোকে আমার কাজ মূল্যায়ন করুক, ম্যাচের ফলাফল নয়।’ কিন্তু আখেরে মানুষ তো ফলই চায়। তা-ই যদি হয়, তবে বাতিস্তার যুক্তি, ‘আমি দুটো ম্যাচ জিতিয়েছি। একটা হেরেছি। এগিয়ে আছি ২-১-এ।’বাতিস্তা ‘জাপান আমাদের চেয়ে ভালো খেলেছে’ বলে পরশু পিঠ চাপড়ে দিয়েছেন প্রতিপক্ষের। যদিও অধিনায়ক হাভিয়ের মাচেরানো বলছেন, ‘আসলে অজুহাত দেখাতে চাই না। কিন্তু এই ম্যাচের প্রথমার্ধেই আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেল। দীর্ঘ ভ্রমণক্লান্তি তো ছিলই। তা ছাড়া কন্ডিশনও আমাদের অনুকূলে ছিল না।’বাতিস্তার জন্য খুশির খবর, মাচেরানো স্থায়ী কোচ হিসেবে বাতিস্তাকেই ভোট দিচ্ছেন। লিওনেল মেসি আবারও বলেছেন, ‘কোচ হিসেবে উনিই থেকে যান।’কোচ হিসেবে বাতিস্তাকে লড়তে হচ্ছে র্যামন ডিয়াজ, মিগুয়েল অ্যাঞ্জেল রুশো আর আলেজান্দ্রো সাবেলার সঙ্গে। এর মধ্যে ডান হাত তুলে ম্যারাডোনা জানান দিয়েছেন, তিনিও হাজির।যদিও গত অলিম্পিকে সোনা জেতানো বাতিস্তার পাল্লা এখনো ভারী। বেইজিংয়ে সোনা জয়ের পথে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তাঁর দল। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগ-আউটে তিনি থাকবেন কি না, সেটিও নির্ধারণ করে দেবে এই ব্রাজিলই। ১৭ নভেম্বর দোহায় ম্যাচটা জিততেই হবে বাতিস্তাকে। ম্যাচটা যতটা না আর্জেন্টিনার, তার চেয়েও বেশি যেন বাতিস্তার! ওয়েবসাইট।