বাদ পড়লেন জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর নিষিদ্ধ থাকার পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন গোলরক্ষক জাহিদ হোসেন। কিন্তু চূড়ান্ত দল ঘোষণার আগেই বাদ পড়ে গেলেন তিনি। বিকেএসপিতে চলমান বিশ্ব হকি লিগের অনুশীলন ক্যাম্প থেকে কাল তাঁকে বাদ দিয়েছেন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। জাহিদের সঙ্গে ক্যাম্প থেকে বাদ পড়েছেন বেলাল হোসেন, ইরফান হোসেন ও ফজলে রাব্বি। বর্তমানে ২৯ জন থেকে দল নেমে এসেছে ২৫-এ। তবে এই সপ্তাহ শেষে ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে ফেডারেশন। আগামী জানুয়ারিতে সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ।
টার্ফের ভিত্তিপ্রস্তর উদ্বোধন: বাংলাদেশ হকি ফেডারেশনকে একটি নীল টার্ফ অনুদান হিসেবে দিতে চেয়েছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেই নীল টার্ফের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে তিনি বললেন, ‘আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে খুবই ভালো লাগছে। বাংলাদেশের হকি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।’ চার দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়বেন নেগ্রে।