বাদ পড়লেন পিটারসেন
সময়টা ভালো যাচ্ছে না কেভিন পিটারসেনের। বেশ কয়েক মাস ধরে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছেন না তিনি। এবার আস্থা হারালেন নির্বাচকদেরও। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজের দলে জায়গা পাননি ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান।দল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে পিটারসেন বলেছেন, ‘দল থেকে বাদ পড়ায় স্বাভাবিকভাবেই আমি হতাশ। কিন্তু এ বিষয়ে নির্বাচকদের নিয়ে কোনো বিবাদ নেই আমার। খেলার প্রতি পূর্ণ মনোনিবেশ করতে চাই আমি।’পিটারসেনের দুর্বল পারফরমেন্সের চিত্রটা এবার দেখা যাক। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের আট ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১২১ রান। সর্বোচ্চ রান ৩৮। টেস্ট ইনিংসের চিত্রটাও প্রায় একই। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে নয়টি টেস্ট ইনিংসে পিটারসেন তুলতে পেরেছিলেন মাত্র ২৩২ রান। এরই ধারাবাহিকতায় দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এই ব্যাটসম্যানের ওপর আস্থা রাখেননি নির্বাচকেরা।এদিকে দল থেকে বাদ পড়াটা পিটারসেনের জন্য শাপেবর হয়ে আসবে বলেই বিশ্বাস করেন ইংল্যান্ডের সাবেক ওপেনার জিওফ বয়কট। সদ্যসমাপ্ত লর্ডস টেস্টে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন পিটারসেন। বয়কট বলছেন, ‘এটা কোনো শাস্তি নয়। তাঁর সামনে ফর্মে ফেরার সুযোগ এসেছে। আমার বিশ্বাস, কাউন্টিতে ভালো করে খুব দ্রুত দলে ফিরে আসবেন পিটারসেন।—বিবিসি