বাদ পড়ছেন পাঠান!
ওয়েস্ট ইন্ডিজে ভারতের তরুণেরা প্রায় সবাই ভালো খেলছেন। ব্যতিক্রম কেবল ইউসুফ পাঠান। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকাতে তিনি যেভাবে জ্বলে উঠেছিলেন, তার কানাকড়িও প্রদর্শন করতে পারেননি বিশ্বকাপসহ পরবর্তীকালে। তাঁর বর্তমান পারফরম্যান্স ভবিষ্যতে ভারতীয় দলে থাকা নিয়েও তৈরি করেছে একধরনের অস্বস্তিকর অনিশ্চয়তা। নাটকীয় কিছু না ঘটলে ভারতের পরবর্তী ইংল্যান্ড সফরে যে তিনি বাদ পড়তে যাচ্ছেন, তা মোটামুটি জানিয়েই দিয়েছে ভারতীয় পত্রপত্রিকাগুলো।৫৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ইউসুফ পাঠানের সংগ্রহ ৭৭৮ রান। বল হাতে তিনি মোটামুটি চলনসই, তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে একজন ব্যাটিং অলরাউন্ডারের ভূমিকাতেই দেখতে চায়। এই ব্যাট হাতেই যে তিনি নিজেকে হারিয়ে খুঁজছেন।বল হাতে পাঠানের রেকর্ড কিন্তু একেবারে খারাপ নয়। ৩৮ দশমিক ৭০ গড়ে তাঁর সংগ্রহ ৩৩ উইকেট। ওভারপ্রতি পাঁচ রান করে দেওয়ার গড়টাও বর্তমান সময়ের বিচারে মোটামুটি সহনশীল। তবে সমস্যাটা অন্য জায়গায়। ওয়েস্ট ইন্ডিজে ভারতের অনেক ব্যাটসম্যানই চলনসই স্পিন করতে পারেন। বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা বল হাতে পারদর্শী। তাই বল করে দলে টিকে থাকার খুব একটা সম্ভাবনা যে পাঠানের নেই—সেটা দিবালোকের মতোই স্পষ্ট। টাইমস অব ইন্ডিয়া।