বাদ পড়লেন আকমল-রাজ্জাক
কামরান আকমল কেন বাদ পড়ছেন না—পাকিস্তান ক্রিকেটের আরও অনেক রহস্যের মতো এটাও ছিল এক রহস্য। তবে ‘ছিল’ শব্দটাই জানিয়ে দিচ্ছে, আপাতত অবসান হয়েছে এই রহস্যের। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বড় আকমল। তবে যথারীতি একটি চমকও উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট। আকমলের সঙ্গে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবদুল রাজ্জাক। দলে নেই বিশ্বকাপের দলের আরও দুজন—ইউনুস খান ও উমর গুল। দুজনকেই দেওয়া হয়েছে বিশ্রাম। উইকেটকিপার মোহাম্মদ সালমানের সঙ্গে দলে নতুন মুখ আরও তিনজন। ১৬ সদস্যের দলে ফিরেছেন ওপেনার তৌফিক উমর।উইকেটের পেছনে জঘন্য পারফরম্যান্স, উইকেটের সামনেও আগের সেই সাবলীলতা নেই। তার পরও দলে জায়গা ধরে রেখেছিলেন কামরান। তবে এ যাত্রায় যে পার পাচ্ছেন না, এটা পরিষ্কার হয়ে গিয়েছিল দিন দুয়েক আগেই। ‘উইকেটের পেছনে প্রয়োজন নতুন কাউকে’—কোচ ওয়াকার ইউনুসের এই বক্তব্যের পর। ব্যাখ্যাতীত সব ক্যাচ ছাড়ার ধারা বিশ্বকাপেও ধরে রেখেছিলেন কামরান। ফিফটি দিয়ে শুরু করলেও পরের ৬ ইনিংসে করতে পারেননি আর একটিও।বিশ্বকাপে বলার মতো কিছু করতে পারেননি রাজ্জাকও। ৮ ম্যাচে ৫ উইকেট আর ৬ ইনিংসে ২৬ গড়ে ১০৪ রান। তবে যথেষ্ট সুযোগ পাইনি—চাইলে এই যুক্তিও দেখাতে পারেন এই অলরাউন্ডার। একটি ম্যাচে সাত নম্বরে, বাকি সব ম্যাচে তাঁকে ব্যাটিং করতে হয়েছে আটে। বিশ্বকাপের মাঝেও একবার প্রকাশ্যে বলেছিলেন, দলে আরও বড় ভূমিকা রাখতে চান। কিন্তু সেটা পাননি, উল্টো জায়গাই হারাতে হলো।কামরানের পরিবর্তকের নামটাও অবশ্য ছোটখাটো এক চমক। ধারণা অনুযায়ী ‘মেজো আকমল’ আদনান বা সরফরাজ আহমেদ নয়; কিপিং গ্লাভস পেলেন সালমান। ২৯ বছর বয়সী উইকেটকিপার প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১০৩টি। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়েই দলে ঢুকেছেন ৩১ বছর বয়সী পেসার আইজাজ চিমা। তবে আনকোরা তরুণদের দলে নেওয়ার চিরায়ত ধারাটাও ঠিকই ধরে রেখেছে পাকিস্তান ক্রিকেট। দলে আছেন ২০ বছর বয়সী দুই তরুণ—অলরাউন্ডার হাম্মাদ আজম ও ব্যাটসম্যান উসমান সালাউদ্দিন। একমাত্র টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ২১ এপ্রিল, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২৩ এপ্রিল থেকে। ২ ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে পরে। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ সফরের পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধি.), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, তৌফিক উমর, উসমান সালাউদ্দিন, মিসবাহ-উল-হক, আসাদ শফিক, উমর আকমল, আবদুর রেহমান, সাঈদ আজমল, তানভীর আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, হাম্মাদ আজম, আইজাজ চিমা ও মোহাম্মদ সালমান (উইকেটকিপার)।