প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনে তারকা-পতনের স্রোত যেন থামতেই চাইছে না! চোখের সামনে একে একে বিদায় নিচ্ছেন টেনিসের বড় বড় সব তারকা। বিদায়ের তালিকায় সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচের সঙ্গে আজ যোগ হলেন গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কার নাম।
রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আজারেঙ্কাকে বধ করেছেন আগ্নিয়েস্কা রাদভানস্কা। আজারেঙ্কাকে ৬-১, ৫-৭, ৬-০ গেমে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালের টিকিট পেলেন পোলিশ টেনিস তারকা।
নিজের দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন আজারেঙ্কা। বেলারুশ কন্যা ম্যাচ শেষে বলেন, ‘প্রথম ও তৃতীয় সেটে অনেক ভুল করেছি। গুরুত্বপূর্ণ সময়ে অনেক বাজে ভুল করেছি।’ একই সঙ্গে প্রতিপক্ষের তারিফও করলেন, ‘অবশ্যই আজ সে (রাদভানস্কা) অসাধারণ দিন পার করেছে এবং খেলায় তার কোনো ছন্দপতন ঘটেনি।’ রয়টার্স ও ওয়েবসাইট।