বাদ পড়লেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি দলে থাকলে সমালোচনা হয়। বাদ পড়লেও। তবে এবার তাঁর বাদ পড়া নিয়ে সমালোচনার সুযোগ খুবই সামান্য। শহীদ আফ্রিদির সময়টা যে আসলেই খুব খারাপ যাচ্ছে। সেই খারাপ সময়টা মাথায় পেতে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়তে হলো পাকিস্তানি অলরাউন্ডারকে। এএফপি, রয়টার্স।সর্বশেষ ছয়টি ওয়ানডেতেই উইকেট নেই। সর্বশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুটি ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটের এই ব্যর্থতা ঘোচাতে পারতেন যেখানে, সেই ঘরোয়া ক্রিকেটেও চার ম্যাচে ৭০ রান আর ৩ উইকেট। বাদ পড়াটা তাই অবশ্যম্ভাবীই ছিল ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিকের।পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইকবাল কাসিমও সে কথাই বলেছেন, ‘আফ্রিদিকে দলে নেওয়া হয়েছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বিশেষ প্রয়োজনীয় মুহূর্তগুলোতে রানও করতে পারেনি। বাদ দেওয়া ছাড়া তাই আমাদের উপায় ছিল না।’ তবে এখানেই আফ্রিদির ক্যারিয়ারের শেষ দেখছেন না কাসিম, ‘ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারলে ও আবার ফিরে আসতে পারবে।’আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আট দলের টুর্নামেন্টের জন্য পাকিস্তান দলে ফিরেছেন ২৩ বছর বয়সী পেস অলরাউন্ডার উমর আমিন, যিনি সর্বশেষ পাকিস্তান দলে খেলেছিলেন ২০১০ সালে। চোটের কারণে উমর গুল দলে নেই। তবে সেই বোলিং আক্রমণে যুক্ত হয়েছেন এহসান আদিল ও আসাদ আলীর মতো তরুণেরা। আরেক অভিজ্ঞ ইউনুস খান প্রাথমিক দলেই ছিলেন না।এই টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেন্ট উডহিল। পাকিস্তান দল: মিসবাহ-উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইমরান ফারহাত, আসাদ শফিক, আবদুল রেহমান, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আমিন, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, সাঈদ আজমল, আসাদ আলী, এহসান আদিল, ওয়াহাব রিয়াজ।