বাদ পড়লেন ইউনুস-গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান, আরেকজন সবচেয়ে অভিজ্ঞ পেসার। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে নেই সেই অভিজ্ঞতার ছাপ। খেসারত দিতে হলো জায়গা হারিয়ে। বাজে ফর্মের কারণে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ইউনুস খান ও উমর গুল। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও ফিরেছেন কামরান আকমল। ফিরেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও বাঁ-হাতি পেসার জুনাইদ খান। প্রায় চার বছর পর ফিরেছেন পেসার আনোয়ার আলী।সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছেন গুল, চার ম্যাচে ইউনুস করেছিলেন ১০ রান। ৩৫ ছুঁইছুঁই ইউনুসের ওয়ানডে ক্যারিয়ারের শেষ বলেই ধরে নেওয়া যায় এটিকে। যদিও পাকিস্তান ক্রিকেটে শেষ বলে কিছু নেই। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার মোহাম্মদ সামি ও রাহাত আলীও। গত বিশ্বকাপের পর বাদ পড়া কামরানের ফেরা মূলত উপযুক্ত কোনো বিকল্প না পেয়েই। দলে কোনো পেস বোলিং অলরাউন্ডারের না থাকা অবশ্য প্রশ্নের জন্ম দিয়েছে অনেক। অভিজ্ঞ আবদুল রাজ্জাক আর প্রতিশ্রুতিশীল হাম্মাদ আজম—উপেক্ষিত হয়েছেন দুজনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ শুরু ২৮ আগস্ট। এর আগে ২৫ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার মধ্যপ্রাচ্য সফর। পাকিস্তানের ওয়ানডে দলমিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আজহার আলী, আসাদ শফিক, উমর আকমল, কামরান আকমল, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, আইজাজ চিমা, সাঈদ আজমল, ইমরান ফারহাত, শোয়েব মালিক, আবদুর রেহমান, জুনাইদ খান, আনোয়ার আলী।