বাদ পড়লেন গম্ভীর
তাঁকে আরেকটি সুযোগ দিয়ে দেখার কথা আলোচনায় ছিল। কিন্তু সুযোগ আর পেলেন না গৌতম গম্ভীর। ভারতের টেস্ট দল থেকে বাদই পড়েছেন এই বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দিল্লির ওপেনারের। এ যাত্রা টিকে গেছেন বীরেন্দর শেবাগ। মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের কেউ একজন হবেন তাঁর ওপেনিং সঙ্গী। মুরালি বিজয় ইংল্যান্ড সিরিজেও দলে ছিলেন। দলে জায়গা পেতে শিখর ধাওয়ানের লড়াইটা হয়েছে মুম্বাইয়ের ওপেনার ওয়াসিম জাফরের সঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বাদ পড়া যুবরাজ, জহির খান ফিরতে না পারলেও ফিরেছেন হরভজন। অশ্বিন, প্রজ্ঞান ওঝার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে ৯৯টি টেস্ট খেলা হরভজন ঢুকেছেন পীযূষ চাওলাকে সরিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স টেস্ট দলে জায়গা দিয়েছে ভুবনেশ্বর কুমারকে। অন্য দুই পেসার ইশান্ত শর্মা ও অশোক দিন্দা। গম্ভীর সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে। ওই সেঞ্চুরি দিয়েই ছুঁয়েছিলেন জ্যাক ক্যালিস ও মোহাম্মদ ইউসুফের টানা পাঁচ টেস্টে সেঞ্চুরির রেকর্ড। এরপর ২৬টি টেস্ট আর ৪৬ ইনিংসে গম্ভীরের ব্যাট সেঞ্চুরি দেখেনি। হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। ইংল্যান্ডের বিপক্ষে গত সিরিজে দুটি হাফ সেঞ্চুরিসহ ৪১.৮৩ গড়ে করেছেন ২৫১ রান। ওয়েবসাইট।ভারতীয় দলমহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও অশোক দিন্দা।