বাদ পড়লেন জুনায়েদ-রবিউল
প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ খেলেছিল দেশের মাটিতেই। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন না দেশের মাটির দ্বিতীয় ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি শাহরিয়ারের। ওয়ানডে দলে অবশ্য থাকতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ১৪ জনের বাইরে বাড়তি আরও চারজনকে রেখেছেন নির্বাচকেরা। এই ১৮ জনের মধ্য থেকেই গড়া হবে ওয়ানডে সিরিজের দল।শাহরিয়ারের ওই দলে খেলেছিলেন শাহাদাত হোসেনও। তিনিও নিজেকে পাচ্ছেন শাহরিয়ারের পাশে। ওয়ানডের জন্য বাড়তি চারজনের মাঝে আছেন শাহাদাত, আবার রঙিন পোশাক গায়ে চাপানোর আশা তাই করতেই পারেন। দলে একমাত্র নতুন মুখ অলরাউন্ডার ইলিয়াস সানি, ফিরেছেন আরেক অলরাউন্ডার অলক কাপালি। জাতীয় দলে ফিরেছেন নাঈম ইসলামও, তবে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টিতে (২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে) ছিলেন নাঈমও। জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিক ও রবিউল ইসলাম।সর্বশেষ ৮ ওয়ানডেতে ফিফটি নেই জুনায়েদের, গত বছর জুলাইয়ে আয়ারল্যান্ডে সেঞ্চুরি করার পরের ১৮ ইনিংসে ফিফটি মাত্র ২টি। এই পরিসংখ্যান তাঁর বাদ পড়ার পক্ষেই সাফাই গাইবে। তবে টি-টোয়েন্টি দলে না থাকায় কিছুটা হলেও আক্ষেপ থাকতে পারে বাঁহাতি ব্যাটসম্যানের। টি-টোয়েন্টি দিয়েই বিশ্বমঞ্চে নিজেকে চিনিয়েছিলেন জুনায়েদ। অভিষেকেই আসিফ-গুল-আফ্রিদিদের বিপক্ষে (২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে) খেলেছিলেন ৪৯ বলে ৭১ রানের অসাধারণ এক ইনিংস। ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে করেছিলেন ২২ বলে ৪১। তার পরও মাত্র ৫টি টি-টোয়েন্টিই খেলা হয়েছে তাঁর। ১১ অক্টোবরের টি-টোয়েন্টি দিয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু হবে মুশফিকুর রহিমের। ২০০৬ সালে খুলনার ওই ম্যাচেও ছিলেন মুশফিক। ওই ম্যাচে খেলা আরও দুজন আছেন এবারের দলে—সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক। বাংলাদেশের ১৬ টি-টোয়েন্টির ১৫টিতেই ছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। প্রথম ম্যাচটিতেই শুধু ছিলেন না আশরাফুল। মুশফিক খেলেননি ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি, উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন ধীমান ঘোষ।টি-টোয়েন্টিতে কার্যকারিতার কথা ভেবেই হয়তো দলে অলরাউন্ডারের ছড়াছড়ি—মাহমুদউল্লাহ, সাকিব, অলক, নাঈম, নাসির, ইলিয়াস, আশরাফুল! তবে সত্যি বলতে পাঁচ বছরের পথচলায়ও টি-টোয়েন্টি ক্রিকেটটাকে ঠিক যেন বুঝতে পারেনি বাংলাদেশ। শুরুটা অবশ্য অন্য বার্তাই দিয়েছিল। প্রথম চার ম্যাচের ৩টিই জিতেছিল বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিপজ্জনক দল মনে করা হচ্ছিল বাংলাদেশকে। এরপর যথারীতি পথ হারিয়ে ফেলা। টানা ১২ ম্যাচে হার বড় কথা নয়, টি-টোয়েন্টির ভাষাটাই যেন ধরতে পারেনি বাংলাদেশ। ৫ বছরে মাত্র ১৬ ম্যাচ খেলারও একটা ভূমিকা আছে। তার পরও প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ নতুন শুরুর আশা করতেই পারে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জয়টাই তো ক্যারিবিয়ানদের বিপক্ষে!মুশফিকের বাংলাদেশ কি পারবে টি-টোয়েন্টির ভাষাটা রপ্ত করতে? বাংলাদেশ টি-টোয়েন্টি দলমুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন।ওয়ানডের জন্য বাড়তি চারমোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহরিয়ার নাফীস, শুভাগত হোম, শাহাদাত হোসেন