এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। অন্যদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। আজ সোমবার এশিয়া কাপের জন্য এই ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে চূড়ান্ত দল ঘোষণা করলেও এখনো অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি।তামিমের সঙ্গে সঙ্গে দল থেকে বাদ পড়েছেন অলক কাপালি, নাইম ইসলাম, রুবেল হোসেইন ও শাহরিয়ার নাফীস। তবে ১৪ জনের মূল দলে না থাকলেও অতিরিক্ত পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে রাখা হয়েছে তামিম ইকবালকে। অন্যদিকে মাশরাফির সঙ্গে নতুন করে দলে ডাক পেয়েছেন নাজিমুদ্দিন, জহুরুল ইসলাম, শাহাদাত হোসেন ও আনামুল হক।বাংলাদেশ দল: ইমরুল কায়েস, নাজিমুদ্দিন, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, মাশরাফি মোর্তজা, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, নাজমুল হোসেইন, শফিউল ইসলাম, শাহাদাত হোসেন, আনামুল হক।