বাদ পড়লেন শাহরিয়ার-নাজিম!
খুব বড় দুর্ভাগ্যে না পড়লে ৩০ জনের প্রাথমিক তালিকায় প্রথম সারির কোনো ক্রিকেটারের বাদ পড়ার কথা নয়। শাহরিয়ার নাফীস ও নাজিমউদ্দিন ছাড়া সেরকম কেউ বাদ পড়েনওনি। বরং শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কাল ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলে আছে বেশ কিছু তরুণ মুখ।চলতি আয়ারল্যান্ড ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ত্রিনিদাদ সফরের জন্য এর আগে নির্বাচকেরা যে ২৭ ক্রিকেটারের প্রাথমিক তালিকা দিয়েছিলেন, সেখান থেকে বিশ্বকাপের প্রাথমিক দলে নেই নাজিমউদ্দিন। ফিটনেসের অভাবই তাঁর বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার, ‘বিসিবির চিকিৎসক আমাদের বলেছেন, নাজিমউদ্দিন টি-টোয়েন্টির দলে থাকার মতো ফিট নয়। হাঁটুতে ইনজুরি আছে।’তবে ৩০ জনের তালিকায় যোগ হয়েছেন ২৭ জনের তালিকায় না থাকা চারজন—রকিবুল হাসান, সাব্বির রহমান, সোহাগ গাজী ও কাজী কামরুল ইসলাম। বিস্ময়কর হলেও সত্যি প্রাথমিক দলেও জায়গা হয়নি শাহরিয়ার নাফীসের। অবশ্য আসন্ন ভারত সফরের ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে, যেখানে সহ-অধিনায়ক রকিবুল। চোট কাটিয়ে ফেরার আশা করেছিলেন পেসার রুবেল হোসেন। কিন্তু এখনো পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকায় জায়গা হয়নি তাঁর।আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর কয়েকটা দিন বিশ্রাম কাটানোর পর ঈদুল ফিতরের আট-দশ দিন আগেই ৩০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়ে যাবে রিচার্ড পাইবাসের বিশ্বকাপ-প্রস্তুতি। বিশ্বকাপের আগে অবশ্য টি-টোয়েন্টি সিরিজ খেলতে ত্রিনিদাদেও যাবে বিসিবি একাদশ। নামেই বিসিবি একাদশ, আসলে যাবে বিশ্বকাপের দলটাই। আইসিসির নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে আগামী ১৮ আগস্টের মধ্যে। আর ২৫ আগস্ট থেকে যাওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে বিসিবি একাদশ এখন ত্রিনিদাদে যাবে ১ সেপ্টেম্বর। এটা যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপেরই প্রস্তুতি সফর, ১৮ আগস্ট ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ দলের খেলোয়াড়দেরই নিশ্চয়ই পাঠানো হবে ত্রিনিদাদে। ৯ সেপ্টেম্বর ত্রিনিদাদ থেকেই শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ দল।প্রাথমিক দলতামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালি, শুভাগত হোম চৌধুরী, মমিনুল হক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, নাসির হোসেন, সাব্বির রহমান, আবদুর রাজ্জাক, এনামুল হক, মোহাম্মদ ইলিয়াস, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান, আবুল হাসান, শাহাদাত হোসেন, কাজী কামরুল ইসলাম, আল আমিন ও আলাউদ্দিন বাবু।