বাদ পড়লেন শেবাগ
খারাপ পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য বাদ দেওয়া হয়েছে ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগকে। ঘরের মাটিতে চলতি সিরিজের তিন ইনিংসে শেবাগের সংগ্রহ মাত্র ২৭ রান। এই পরিস্থিতিতে তাঁকে আর সুযোগ দিতে রাজি নন ভারতীয় নির্বাচকেরা। শেবাগ বাদ পড়লেও ভারতীয় দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। চার ম্যাচ সিরিজে ভারত এগিয়ে আছে ২-০ ব্যবধানে।শুধু চলতি সিরিজেই নয়, বেশ কিছুদিন ধরেই রান খরায় ভুগছেন বীরেন্দর শেবাগ। গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একটি শতকের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে তার পর থেকে একেবারে নিষ্প্রভ হয়ে আছেন শেবাগ। শেষ নয়টি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৩ রান। বীরেন্দর শেবাগের জায়গায় দলে সুযোগ পেতে পারেন শেখর ধাওয়ান। সেক্ষেত্রে হায়দরাবাদ টেস্টে শতরান করা মুরলি বিজয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে এই বামহাতি ব্যাটসম্যানকে। ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, মুরলি বিজয়, শেখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিনকা রেহানে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, প্রজ্ঞান ওঝা, ইশান্ত শর্মা, অশোক ডিনডা, ভুবনেশ্বর কুমার। —টাইমস অব ইন্ডিয়া