বাদ পড়লেন হরভজন
টেন্ডুলকার-যুবরাজ-রোহিতরা থাকছেন না—এটা মোটামুটি নিশ্চিতই ছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ভারতীয় দলে তবু থাকল বড়সড় একটা চমক। বাদ পড়েছেন হরভজন সিং! অভিজ্ঞ অফ স্পিনারের জায়গা নিয়েছেন আনকোরা লেগ স্পিনার রাহুল শর্মা। নতুন মুখ আছে আরেকটি, বাঁহাতি পেসার শ্রীনাথ অরবিন্দ। গত আইপিএলে নজর কেড়েছিলেন দুজনই।হরভজনের পারফরম্যান্স নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছু দিন ধরেই। সর্বশেষ ইংল্যান্ডে দুই টেস্ট খেলে দেশে ফিরেছিলেন পাকস্থলীর চোটের কারণে। ওই দুই টেস্টেও মাত্র ২ উইকেট পেয়েছিলেন ১৪৩.৫০ গড়ে, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৪.১১। পরের ম্যাচগুলোতে ফেরার একটা ‘লাইফলাইন’ অবশ্য পেয়ে গেছেন ‘ভাজ্জি’। ১০ থেকে ১৩ অক্টোবর নাগপুরে অনুষ্ঠেয় চ্যালেঞ্জার ট্রফিতে সবুজ দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে। চ্যালেঞ্জার ট্রফি নিয়েও অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। লাল দলকে নেতৃত্ব দেবেন গৌতম গম্ভীর। টুর্নামেন্টের ফাইনাল ১৩ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে পরদিনই। গম্ভীরের দল ফাইনালে উঠলে কী হবে?চোটের কারণে অনুমিতভাবেই দলে নেই জহির খান, বীরেন্দর শেবাগ, ইশান্ত শর্মা ও মুনাফ প্যাটেলও। ইংল্যান্ডে ‘পর্যটক’ হয়ে থাকা পেসার বরুণ অ্যারন তাই টিকে গেছেন। দলে ফিরেছেন পেসার উমেশ যাদব। তবে ফিট হলেও ফেরা হয়নি আশিস নেহরার। ওয়েবসাইট।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ অ্যারন, উমেশ যাদব, বিনয় কুমার, শ্রীনাথ অরবিন্দ, রাহুল শর্মা, মনোজ তিওয়ারি, প্রাভিন কুমার।