বাদ পড়া মানতে পারছেন না চন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস হকির ২৯ জনের প্রাথমিক দলে জায়গা পাননি দেশের অন্যতম সেরা ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আসাদুজ্জামান চন্দন। এ জন্য প্রধান নির্বাচক জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমানকে দায়ী করছেন আবাহনী অধিনায়ক।চন্দনের অভিযোগ, ব্যক্তিগত রেষারেষির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে, ‘বর্তমান খেলোয়াড়দের ৩০ জনের মধ্যে আমার জায়গা হবে না, এতটা খারাপ আমি নই। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই আমাকে বাদ দেওয়া হয়েছে।’ তবে এই অভিযোগ অস্বীকার করছেন মামুন, ‘ওর সঙ্গে আমার শত্রুতা নেই। নির্বাচক কমিটিতে শুধু আমি একাই আছি এমন তো নয়, সেখানে আরও ৬ জন রয়েছেন। এশিয়ান গেমসের হকির বাছাইপর্ব ও প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে বাদ দেওয়া হয়েছে। আর সিদ্ধান্তটা সবাই মিলেই নেওয়া।’মামুন আরও বলছেন, ‘গত এশিয়ান গেমসের বাছাইপর্বে ওর জন্য প্রতিপক্ষ দল ১৬টা পেনাল্টি কর্নার পায়, যার মধ্যে ৭টা গোল খেয়েছে বাংলাদেশ। তা ছাড়া ওর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গেরও অভিযোগ করেছেন দলের ম্যানেজার ও কোচ। সব মিলিয়েই এই সিদ্ধান্ত।’ তবে প্রধান নির্বাচক এও বলছেন, ‘সমস্যাগুলো কাটিয়ে উঠে সে আবারও দলে আসতে পারবে।’ এদিকে চন্দনকে ছাড়াই আগামী সপ্তাহে ১৮ জন খেলোয়াড় উচ্চতর প্রশিক্ষণের জন্য জার্মানি যাবেন। চন্দন তাকিয়ে আছেন জাতীয় দলের কোচ পিটার গেরহার্ডের দিকে, আজই এই জার্মান কোচের ঢাকায় আসার কথা।